কর্নাটকে ১৫ হাজার কোটির মেগা উপহার প্রধানমন্ত্রী মোদীর! নতুন বন্দে ভারত থেকে মেট্রোর সেঞ্চুরি—কী কী পেল রাজ্য?

কর্নাটক তথা গোটা দেশের পরিকাঠামো উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বেঙ্গালুরুতে আয়োজিত এক মেগা অনুষ্ঠানে ১৫,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। এদিনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দেন যে, উন্নত পরিকাঠামোই হলো দেশের অর্থনৈতিক উন্নতির প্রধান চাবিকাঠি। এই প্রকল্পগুলি একদিকে যেমন রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করবে, তেমনই বেঙ্গালুরুর ‘টেক সিটি’ পরিচয়কে বিশ্বদরবারে আরও মজবুত করবে।
দারিদ্র্য দূরীকরণ ও ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যঅনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা কেবল যাতায়াত সহজ করে না, বরং কর্মসংস্থান ও শিল্পের নতুন দরজা খুলে দেয়। উন্নয়নের এই সুফল সমাজের প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর ফলেই দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই জোরদার হয়েছে। মোদীর দাবি, সরকারের এই উন্নয়নমূলক নীতির ফলেই গত কয়েক বছরে দেশের প্রায় ৫০ কোটি নাগরিক চরম দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। এই প্রকল্পগুলি ‘বিকশিত কর্নাটক’-এর পাশাপাশি ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন পূরণে বড় ভূমিকা নেবে বলে তিনি আশাবাদী।
মেট্রোর সেঞ্চুরি ও কর্নাটক-গোয়া বন্দে ভারত বেঙ্গালুরুর গণপরিবহন ব্যবস্থার সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, দিল্লি-এনসিআর এবং মুম্বই মেট্রোপলিটন অঞ্চলের পর দেশের তৃতীয় শহর হিসেবে বেঙ্গালুরুতেও মেট্রো নেটওয়ার্ক ১০০ কিলোমিটারের মাইলফলক স্পর্শ করেছে। এদিন বেঙ্গালুরু মেট্রোর পিঙ্ক লাইনের (কালেনা অগ্রাহারা থেকে তাভারেকেরে) উদ্বোধনও করেন তিনি। নম্মা মেট্রোর এই বিস্তার সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করবে বলে জানান মোদী।
এছাড়াও, রেল যোগাযোগে বড় উপহার হিসেবে এদিন বেঙ্গালুরু-ম্যাঙ্গালুরু-মাদগাঁও রুটে নতুন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী। কয়েক দিন আগেই রাজ্য প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেয়েছিল, আর এবার কর্নাটক ও গোয়ার মধ্যে এই সেমি-হাইস্পিড ট্রেন চালু হওয়ায় উপকূলবর্তী এলাকার যাত্রী ও পর্যটকদের যাতায়াতে আমূল পরিবর্তন আসবে।