মাদকের নেশায় গ্রাস করল পরিবারকে? নেশাগ্রস্ত ছেলের কোপে বাবা ও দুই ভাই খুন

হাড়হিম করা এক নৃশংস হত্যাকাণ্ডে কেঁপে উঠল অসম। শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জের গোলাঘাত গ্রামে নিজের বাবাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শুধু তাই নয়, বাবাকে বাঁচাতে এলে ছোট দুই ভাইয়ের উপরেও চড়াও হয় সে। এই হামলায় তাদেরও মৃত্যু হয়েছে। এই ভয়াবহ ঘটনায় গুরুতর জখম হয়েছেন অভিযুক্তের মা এবং তার অন্য এক ভাইও। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃতদের নাম খলিল উদ্দিন, জাহাঙ্গির হোসেন (১০) এবং আলম উদ্দিন (৭)। প্রাথমিক অভিযোগে প্রকাশ, খলিল উদ্দিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তাঁরই ছেলে ফারুক আহমেদ। সেই সময় বাবাকে বাঁচাতে এগিয়ে আসে তাঁর দুই ছোট সন্তান। তাদেরও নির্মমভাবে কোপানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় খলিল উদ্দিনের। পরে হাসপাতালে মারা যায় তাঁর দুই নাবালক ছেলেও।
এই রক্তক্ষয়ী হামলায় গুরুতর আহত হয়েছেন খলিল উদ্দিনের স্ত্রী আলিয়া বেগম এবং তাঁর অন্য এক ছেলে আলতাফ হোসেন। তাঁদের অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভয়াবহ এই ঘটনার খবর পাওয়ার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিলম্বাজার থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্ত ফারুক আহমেদকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক কোনো বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত ফারুক দীর্ঘদিন ধরেই ড্রাগ বা মাদকের নেশায় আসক্ত ছিল। নেশার ঘোরেই সে পরিবারের ওপর এমন নারকীয় হামলা চালিয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।