২০০ কোটির সুকেশ-কাণ্ডে নোরা ফতেহির ওপর বেজায় চটলেন বিচারক! সমন এড়াতেই সোজা কড়া সতর্কবার্তা আদালতের

২০০ কোটি টাকার হাই-প্রোফাইল সুকেশ চন্দ্রশেখর আর্থিক কারচুপি মামলায় ফের নতুন করে আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে হাজির হওয়ার নির্দেশ থাকা সত্ত্বেও উপস্থিত না থাকায় অভিনেত্রী ও তাঁর আইনি টিমের ওপর মারাত্মক ক্ষুব্ধ হলেন বিচারক।

ঘটনার সূত্রপাত, সুকেশ চন্দ্রশেখর সংক্রান্ত উক্ত মামলায় বয়ান ও সাক্ষ্য গ্রহণের জন্য নোরা ফতেহিকে আদালতে সশরীরে হাজির থাকার সমন পাঠানো হয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে ব্যক্তিগত কাজ ও পেশাগত ব্যস্ততার দোহাই দিয়ে আদালতে অনুপস্থিত থাকেন অভিনেত্রী। নোরা ফতেহির এই অনুপস্থিতিতে চরম বিরক্তি প্রকাশ করে রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক কড়া বার্তা দিয়ে স্পষ্ট জানান— “আদালতকে কেউ যেন হালকাভাবে না নেন!”

নোরার আইনি টিমের পাল্টা সাফাই: আদালতের এই কড়া অবস্থানের পর বিষয়টি নিয়ে বিতর্ক তুঙ্গে উঠতেই মুখ খুলেছে নোরা ফতেহির আইনি দল। অভিনেত্রীর আইনজীবীরা সংবাদমাধ্যমের সামনে দাবি করেছেন যে, নোরা ফতেহি এই মামলায় কোনো অভিযুক্ত বা অপরাধী নন। তদন্তের স্বার্থে এবং প্রসিকিউশনের তরফ থেকে কেবল একজন ‘সরকারি সাক্ষী’ হিসেবেই তাঁকে আদালতে ডেকে পাঠানো হয়েছে। পেশাগত পূর্বা নির্ধারিত কিছু চুক্তির কারণেই তিনি ওই দিন উপস্থিত হতে পারেননি, তবে আদালতের প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে।

উল্লেখ্য, ঠগবাজ সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার প্রতারণা মামলায় এর আগেও ইডি (ED) ও দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে নোরা ফতেহিকে। আদালত নতুন করে এই সমন ও ক্ষোভ প্রকাশ করায় এই মামলায় নোরার ভবিষ্যৎ পদক্ষেপের দিকেই এখন নজর বলিউড ও আইনি মহলের।

Pratik Saha
  • Pratik Saha