১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান সত্ত্বেও কেন চাঁদা চায় পুজো কমিটি? প্রতিবাদে পোস্টার মহিলার

রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে পুজো কমিটিগুলিকে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দেওয়ার পর এবার তা নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এক মহিলা পুজো কমিটিগুলোর কাছে চাঁদা না চাওয়ার অনুরোধ জানিয়ে পোস্টার লাগিয়েছেন।
ওই মহিলার নাম সুজাতা মাইতি। তাঁর স্পষ্ট বক্তব্য, যখন সরকার প্রতিটি কমিটিকে মোটা অঙ্কের অনুদান দিচ্ছে, তখন সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, “দিদি তো সবাইকে চাঁদা দিয়েছে, তাহলে কেন রোজ আমাদের বাড়িতে এসে টাকা চাওয়া হচ্ছে?”
সুজাতা মাইতি রাজ্যের বর্তমান শিক্ষা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, রাজ্যে যোগ্য প্রার্থীরা পাঁচ বছর ধরে চাকরি না পেয়ে বসে আছেন। এমন পরিস্থিতিতে এই বিপুল পরিমাণ সরকারি টাকা ধর্মীয় উৎসবে খরচ না করে বেকারদের কর্মসংস্থানের কাজে লাগালে তা অনেক বেশি ফলপ্রসূ হতো।
সুজাতার অভিযোগ, বিভিন্ন ক্লাবের সদস্যরা প্রায় প্রতিদিনই তাঁদের বাড়িতে চাঁদার জন্য আসে। এমনকি একটি ক্লাব মিথ্যা বলেছিল যে তারা সরকারি অনুদান পায়নি, অথচ পরে জানা যায় সেটি ছিল মিথ্যা। প্রতি বছর তাঁদের কাছ থেকে ২ থেকে ২.৫ হাজার টাকা চাঁদা নেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে রাজ্য সরকার দুর্গাপূজা কমিটিগুলিকে অনুদান দেওয়া শুরু করে। এই সিদ্ধান্ত নিয়ে প্রথম থেকেই তীব্র বিতর্ক ছিল। তবে প্রতি বছর অনুদানের অঙ্ক বেড়েছে এবং এবার তা ১ লক্ষ ১০ হাজারে পৌঁছেছে। মহিষাদলের এই পোস্টার সেই বিতর্ককে আবারও সামনে এনেছে।