১ নভেম্বর থেকে পকেটে আসবে অতিরিক্ত টাকা! কোন রাজ্যের কর্মীরা পেলেন DA-র বাম্পার উপহার?

কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশনের অপেক্ষার মধ্যেই বড় ঘোষণা করল তেলঙ্গনা সরকার। রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য দুটি বকেয়া মহার্ঘ ভাতা (DA) কিস্তি অনুমোদন করা হয়েছে, যা কার্যকর হবে যথাক্রমে ২০২৪ সালের জানুয়ারি এবং জুলাই মাস থেকে। সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়েছে ৬.৩৭ শতাংশ পয়েন্ট। এর ফলে তেলঙ্গনা সরকারের ওপর বছরে অতিরিক্ত প্রায় ৩,০৫৭ কোটি টাকার আর্থিক বোঝা বাড়বে বলে জানা গেছে।
নতুন ঘোষণা অনুযায়ী, ২০২০ পে স্কেলের কর্মীদের ক্ষেত্রে ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিএ ৩৩.৬৭ শতাংশ থেকে বাড়িয়ে ৩৭.৩১ শতাংশ করা হয়েছে। এরপর ২০২৪ সালের জুলাই থেকে তা আরও বেড়ে পৌঁছেছে ৪০.০৪ শতাংশে। অর্থাৎ, দুটি কিস্তি মিলিয়ে মোট বৃদ্ধির পরিমাণ দাঁড়াল ৬.৩৭ শতাংশ পয়েন্ট। পাশাপাশি, ২০১৬ পে স্কেলের কর্মীদের ডিএ ৪৬ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ এবং ২০২৪ সালের জুলাই থেকে তা ৫৩ শতাংশ করা হয়েছে। অন্যদিকে, ২০০৬ পে স্কেলের কর্মীদের ডিএ ২৩০ শতাংশ থেকে বাড়িয়ে প্রথমে ২৩৯ শতাংশ এবং পরবর্তীতে ২৪৬ শতাংশ করা হয়েছে।
সরকারের এই নির্দেশিকা অনুযায়ী, বর্ধিত ডিএ-সহ চলতি বছরের অক্টোবর মাসের বেতন ও পেনশন কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখে। এর ফলে রাজ্যের লক্ষাধিক কর্মী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন।
শুধু চলতি ডিএ বৃদ্ধিই নয়, দীর্ঘদিনের জমে থাকা বকেয়া টাকা মেটানোর ব্যাপারেও বড় পদক্ষেপ করেছে সরকার। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ডিএ সংশোধনের বকেয়া অর্থ ৩৩টি সমান কিস্তিতে পরিশোধ করা হবে। একইভাবে, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ডিএ সংশোধনের বকেয়া মেটানো হবে ২৭টি কিস্তিতে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এই বকেয়া অর্থ সরাসরি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) অ্যাকাউন্টে জমা হবে। একসাথে পুরো টাকা হাতে না পেলেও কিস্তিতে জিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন কর্মীরা।