১০০ কোটির ‘জলসা’ কেনেননি অমিতাভ! জানুন বলিউডের সবচেয়ে দামি উপহারের পেছনের চমকপ্রদ ইতিহাস

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের মুম্বইয়ের বাসভবন ‘জলসা’ শুধু কোনো সাধারণ বিলাসবহুল বাড়ি নয়, বরং বাণিজ্যনগরীর অন্যতম দর্শনীয় স্থান। প্রতি রবিবার হাজার হাজার অনুরাগী জুহুর এই বাংলোর সামনে ভিড় জমান—কেবল মাত্র একবার প্রিয় তারকাকে চোখের দেখা দেখার আশায়। তবে সম্প্রতি এই ঐতিহাসিক বাংলো গ্রেনেড দিয়ে উড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর হুমকি মেইল পেয়েছেন মুম্বইয়ের মেয়র। এই হুমকির পরেই ‘জলসা’র নিরাপত্তার বলয় রাতারাতি তিনগুণ বাড়িয়ে দিয়েছে প্রশাসন।

তবে এই খবরের পাশাপাশি নেটপাড়ায় ফের চর্চায় এসেছে প্রায় ১০০ কোটি টাকা বাজারমূল্যের এই রাজকীয় বাংলোর একটি অজানা সত্যি। আপনি কি জানেন, দু’দশকেরও বেশি সময় ধরে বচ্চন পরিবারের ঠিকানা হওয়া এই দোতলা বাংলোটি অমিতাভ বচ্চন নিজে কেনেননি?

মিডিয়া রিপোর্ট ও বলিপাড়ার ইতিহাস অনুযায়ী, ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট কাল্ট ক্লাসিক ছবি ‘সত্তে পে সত্তা’ (Satte Pe Satta)-তে অনবদ্য অভিনয়ের পারিশ্রমিক বা উপহারস্বরূপ পরিচালক-প্রযোজক রমেশ সিপ্পি এই বহুমূল্য সম্পত্তিটি অমিতাভকে উপহার দিয়েছিলেন। তার আগে পর্যন্ত অমিতাভ বচ্চন তাঁর পিতা প্রখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন এবং সমগ্র পরিবারের সাথে জুহুর অপর বাংলো ‘প্রতীক্ষা’-য় বসবাস করতেন। পরবর্তীতে তারা ‘জলসা’-তেই স্থায়ীভাবে থাকা শুরু করেন।