“১০০০ কোটির সুপারি পাচার চক্র!”-ইডির জালে সুপারি চোরাচালানের রমরমা সাম্রাজ্য

মায়ানমার থেকে ভারতজুড়ে ছড়িয়ে থাকা এক বিশাল সুপারি পাচার চক্রের হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। প্রায় ১ হাজার কোটি টাকার এই অবৈধ চোরাচালান চক্রের জাল মিজোরাম ও আসাম হয়ে পশ্চিমবঙ্গ পেরিয়ে উত্তর প্রদেশ, দিল্লি এবং মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত ছিল। সম্প্রতি ইডির গুয়াহাটি ও আইজল ইউনিটের যৌথ অভিযানে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।
গত ছয় মাসে চার ধাপে মোট ৫৫টি স্থানে অভিযান চালিয়ে এই সুপারি চোরাচালানের নেটওয়ার্কটি ভেঙে দিয়েছে ইডি। তদন্তে উঠে এসেছে যে, জুন, জুলাই, আগস্ট এবং অক্টোবর মাসে পরিচালিত এই অভিযানে মিজোরামের চাম্ফাই থেকে শুরু করে আসামের শিলচর, গুয়াহাটির পরিবহনকারী, কলকাতার বিল প্রস্তুতকারী এবং শিলিগুড়ি করিডোরের চাঁদাবাজ চক্র পর্যন্ত প্রত্যেকের যোগসূত্র একে একে ধরা পড়েছে। ২০২৪ সালে গুয়াহাটি হাইকোর্টের নির্দেশের পরই সিবিআই তদন্তের সূত্র ধরে অর্থ পাচারের মামলা শুরু করে ইডির আইজল ইউনিট।
কীভাবে চলত এই চোরাচালানের কারবার?
তদন্তে জানা গিয়েছে, মায়ানমার ও থাইল্যান্ড-ইন্দোনেশিয়া থেকে সুপারি পাচার করা হচ্ছিল ভারতে। এর মূল ট্রানজিট হাব ছিল মিজোরামের জোখাভাধার। মিজোরামে সুপারির উৎপাদন নামমাত্র হলেও, সেই সুপারিকে মিজোরামে উৎপাদিত বলেই দেখানো হতো। ভারত ও মায়ানমারের প্রাকৃতিক সীমান্ত টিয়াউ নদী পার করে ছোট নৌকা ও কুলিদের সাহায্যে এই সুপারি জোখাভাধারে আনা হতো।
এরপর গুয়াহাটির মূল নিয়ন্ত্রকদের তত্ত্বাবধানে জিএসটি এবং ই-ওয়ে বিলের মাধ্যমে সেই সুপারি শিলচর এবং গুয়াহাটির বড় গুদামগুলোতে পাঠানো হতো। সংস্থার নজর এড়াতে প্রতি দুই থেকে তিন বছর অন্তর পুরোনো কোম্পানি বন্ধ করে নতুন কোম্পানি খোলা হতো। তবে মোবাইল ফোন ও প্যান কার্ডের নথির সূত্র ধরেই তাদের আসল পরিচয় ফাঁস হয়ে যায়। গুদামে পৌঁছানোর পর সমস্ত সুপারি নতুন ব্যাগে প্যাক করে নতুন নথি তৈরি করা হতো।
শিলিগুড়ি করিডোর ও সিন্ডিকেটের রমরমা
এই পুরো চোরাচালান চক্রে শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। উত্তরবঙ্গ হয়ে এই রুট দিয়েই সুপারি চলে যেত বিহার, উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রে। এই পথ দিয়ে সুপারি বহনকারী গাড়ি নিরাপদ যাতায়াতের জন্য বড় অঙ্কের লেনদেন চালাত। প্রতি মাসে ১০০ থেকে ১২০টি গাড়ি এই রুট দিয়ে যাতায়াত করত এবং পরিবহনকারীদের কাছ থেকে নগদ পাঁচ থেকে সাত লক্ষ টাকা নেওয়া হতো।
সিন্ডিকেটের পক্ষ থেকে একটি বিশেষ স্লিপ বা রশিদ ছাপানো হতো, যা গাড়িতে লাগানো থাকলে পথেই কোনো তল্লাশি হতো না। এমনকি রাস্তার ধারে থাকা কিছু অসাধু কর্মকর্তাও এর সঙ্গে যুক্ত ছিলেন, যারা নিয়মিত এই গাড়িগুলির ছাড়পত্র নিশ্চিত করতেন। ২০২৩ সালের জুন মাসে আয়কর বিভাগের অভিযানে আমিনগাঁওয়ের একটি গুদাম থেকে ৫০০ মেট্রিক টনেরও বেশি হিসাববহির্ভূত সুপারি উদ্ধার হয়েছিল।
কলকাতা কানেকশন ও হাওয়ালা চক্র
বাংলার সঙ্গেও এই পাচার চক্রের গভীর যোগ রয়েছে। তদন্তে জানা গেছে, কলকাতাভিত্তিক এক বিল অপারেটর বিহার ও উত্তর প্রদেশ সীমান্তে তার লোকজন মোতায়েন রেখেছিল। হাওয়ালা চ্যানেলের মাধ্যমেই মূলত মায়ানমারের চোরাকারবারিদের কাছে এই বিশাল পরিমাণ টাকা পৌঁছে যেত। সব মিলিয়ে, শত শত কোটি টাকার এই অবৈধ কারবার এবং তার সঙ্গে জড়িত সিন্ডিকেটের সমস্ত রহস্য এখন ইডির কড়া নজরে রয়েছে।