হোটেলের চুক্তি পাইয়ে দেওয়ার বদলে ৩ একর জমি! লালুপ্রসাদের নেতৃত্বে ষড়যন্ত্র, আদালতে প্রমাণিত তথ্যপ্রমাণ

বিহার বিধানসভা নির্বাচনের ঠিক আগেই আইআরসিটিসি (IRCTC) হোটেল দুর্নীতি মামলায় বড়সড় বিপাকে পড়ল লালু প্রসাদ যাদবের পরিবার। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ আদালতের বিচারপতি বিশাল গোঙ্গের নির্দেশে প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং পুত্র তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
আদালত প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং দুর্নীতি প্রতিরোধ আইনের একাধিক ধারায় যাদব পরিবারের বিরুদ্ধে চার্জ গঠন করেছে।
লালুর নেতৃত্বে রচিত হয়েছিল ষড়যন্ত্র
মামলার অভিযোগ অনুযায়ী, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লালু যাদব রেলমন্ত্রী থাকাকালীন দুর্নীতি ঘটেছিল।
অভিযোগ: আইআরসিটিসি-র দুটি হোটেল— বিএনআর পুরি এবং বিএনআর রাঁচির রক্ষণাবেক্ষণের চুক্তি সুজাতা হোটেল নামে একটি সংস্থাকে পাইয়ে দেওয়া হয়েছিল।
পাল্টা সুবিধা: অভিযোগ, এই চুক্তির বিনিময়ে লালু একটি বেনামি সংস্থার মাধ্যমে ওই সময় সংস্থাদুটির কাছ থেকে বহুমূল্যের তিন একর জমি নিয়েছিলেন।
আদালত আদেশে বলেছে যে, এই পুরো ষড়যন্ত্র লালুপ্রসাদ যাদবের জ্ঞানেই রচিত হয়েছিল এবং রাবড়ি ও তেজস্বী কম দামে জমি পেয়েছিলেন। যে সমস্ত ধারায় অভিযোগ গঠন করা হয়েছে তার মধ্যে রয়েছে আইপিসি ৪২০ (প্রতারণা), আইপিসি ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র), এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ১৩(২) ও ১৩(১)(ডি) ধারা।
দোষ স্বীকারে নারাজ যাদব পরিবার
বিশেষ আদালতে চার্জ গঠনের সময় লালু যাদবকে জিজ্ঞাসা করা হয় যে তিনি তাঁর দোষ স্বীকার করছেন কি না। জবাবে লালু, রাবড়ি এবং তেজস্বী যাদব তাঁদের দোষ স্বীকার করতে অস্বীকৃতি জানান এবং তাঁরা জানান যে তাঁরা বিচারের মুখোমুখি হবেন। রাবড়ি দেবী মামলাটিকে ‘ভুয়ো’ বলেও দাবি করেছেন।
বিহার বিধানসভা নির্বাচনের আগে এই চার্জ গঠন আরজেডি এবং যাদব পরিবারের জন্য বড়সড় রাজনৈতিক বিড়ম্বনার সৃষ্টি করল।