“পুলিশ আর গুলি খাবে না, সোজা ওপরে পাঠিয়ে দেবে!” বোলপুর এনকাউন্টার নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

বোলপুরের নানুরে পুলিশি এনকাউন্টার এবং কনস্টেবলকে গুলি কাণ্ডে অভিযুক্ত রতন শেখের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে সম্পূর্ণভাবে পুলিশের পাশেই দাঁড়িয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার মেদিনীপুরে কয়েকটি জগধাত্রী পুজোর উদ্বোধনে এসে তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, “পুলিশ আর গুলি খাবে না, দুষ্কৃতীদের ওপরে পাঠিয়ে দেবে।”
গত কয়েক মাস ধরে রাজ্যে একের পর এক এনকাউন্টারের ঘটনা ঘটে চলেছে। বোলপুরের এই ঘটনার জেরে রাজ্যে এনকাউন্টারের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচে। এর আগে অভিযুক্ত রতন শেখের বিরুদ্ধে এক পুলিশ কর্মীর পায়ে গুলি করে পালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করতে রতনকে নিয়ে নানুরের উচকরণ গ্রামের একটি ইটভাটায় গিয়েছিল পুলিশ। পুলিশের দাবি, সেখানে অস্ত্র হাতে পেয়ে রতন পুলিশকে লক্ষ্য করে গুলি চালান, যা একটি পুলিশি গাড়িতে গিয়ে লাগে। এরপর দ্বিতীয়বার গুলি চালানোর চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়, যাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রতন শেখের।
এই গোটা ঘটনায় রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ যখন তুঙ্গে, তখন মেদিনীপুরের এক কর্মসূচি থেকে দিলীপ ঘোষ আরও বলেন, “যে সমাজবিরোধী, যে গুলি চালাচ্ছিল সে তো গুলি খাবেই। আইনের বাইরে গেলে, পুলিশের বিরুদ্ধে গেলে সে গুলি খাবে। এটা ঘোষণা করা হয়েছে এবং তা চলতে থাকবে।” বিচার ব্যবস্থার ওপর পুলিশের অনাস্থার প্রশ্ন উঠলে তিনি পালটা যুক্তি দিয়ে বলেন, “আদালতের ওপর নিশ্চয়ই ভরসা রয়েছে, কিন্তু অপরাধীর ওপর কোনো ভরসা নেই। যদি গুলি চালায়, গুলি খাবেই। সেখানে আদালতের প্রসঙ্গই ওঠে না। দুষ্কৃতী যদি আদালত না মানে, পুলিশ কেন আইন মেনে গুলি খাবে?” প্রসঙ্গত, এর আগে এই ধরনের এনকাউন্টার প্রসঙ্গে এই একই সুরে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি বলেছিলেন, “পুলিশকে কেউ গুলি করলে তাকে বাতাসা দেওয়া হবে না।” সবমিলিয়ে, রাজ্যের ক্রমবর্ধমান এনকাউন্টার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক তরজা এখন চরমে।