সেলাই মেশিনের সেলাই থেকে সোজা আইপিএস-এর খাকি উর্দি! অভাবকে জয় করে ইতিহাস গড়লেন কোন লড়াকু মেয়ে?

সাফল্যের গল্পে শেষের জয়টা যতটা চোখে পড়ে, তার পিছনের লড়াইটা অনেক সময় তার থেকেও বড়। আইপিএস (IPS) অনু বেনিওয়ালের জীবনও ঠিক তেমনই এক অদম্য সংগ্রামের জীবন্ত উদাহরণ। সাধারণ পরিবারের মেয়ে, বাবার গুরুতর অসুস্থতা, সংসারে চরম আর্থিক টানাপোড়েন এবং মায়ের ঘরে বসে সেলাই করে সংসার চালানো—সবকিছুর প্রতিকূলতার মধ্যেও নিজের পড়াশোনা এক মুহূর্তের জন্যেও থামাননি তিনি। বারবার ইউপিএসসি (UPSC)-র কঠিন ধাপগুলিতে ধাক্কা খেয়েও তিনি শেষ পর্যন্ত নিজের স্বপ্ন পূরণ করে দেখিয়েছেন।

১৯৯২ সালের ২৬ এপ্রিল দিল্লির পিতমপুরায় জন্ম অনু বেনিওয়ালের। তাঁর বাবা সঞ্জয় কুমার একসময় ছোট একটি ব্যবসা চালালেও গুরুতর অসুস্থতার কারণে তা বন্ধ হয়ে যায়। আর্থিক সমস্যার জেরে তাঁর বাবা নিজের পড়াশোনাও সম্পূর্ণ করতে পারেননি। কিন্তু সন্তানদের শিক্ষায় যেন কোনও ঘাটতি না থাকে, সেটাই ছিল তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। সংসারের এই কঠিন লড়াইয়ে অনুর মা-ই হয়ে ওঠেন পরিবারের প্রধান ভরসা। বাড়িতে বসে স্যুট সেলাই করে তিনি যেমন সংসারের খরচ সামলেছেন, তেমনই মেয়ের পড়াশোনার খরচ জুগিয়েছেন।

অনুর এই প্রস্তুতির সময় তাঁর বাবা-মা দু’জনেই গুরুতর অসুস্থ ছিলেন। বাবার হৃদরোগ ও শ্রবণজনিত সমস্যার পাশাপাশি তাঁর মায়ের স্নায়ুর জটিল রোগ ছিল এবং পরপর দু’বার অস্ত্রোপচারও করাতে হয়েছিল। তবুও এই চরম প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে এগিয়ে গেছেন অনু। মেধাবী ছাত্রী অনু দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজ থেকে বিএসসি ও এমএসসি সম্পন্ন করার পর ন্যানো সায়েন্স নিয়ে গবেষণার সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে গবেষণার জগত ছেড়ে তিনি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য ঝাঁপানোর সিদ্ধান্ত নেন, যেখানে তাঁর ঐচ্ছিক বিষয় ছিল ভূগোল।

সিভিল সার্ভিসের পথ যে একেবারেই মসৃণ ছিল না, তা তিনি প্রথমবারই হাড়ে হাড়ে টের পান। ২০১৮ সালে প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় বসে প্রিলিমস ধাপেই ব্যর্থ হন তিনি। কিন্তু আত্মবিশ্বাস হারাননি। দ্বিতীয়বার প্রিলিমস পার করে মেইনস পর্যন্ত পৌঁছালেও চূড়ান্ত মেধাতালিকায় নাম আসেনি। তৃতীয়বার তিনি অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৬৩৮ অর্জন করেন। কিন্তু কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় তিনি সন্তুষ্ট হননি। অবশেষে চতুর্থ প্রচেষ্টায় ২০২২ সালের ইউপিএসসি পরীক্ষায় অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ২১৭ অর্জন করে তিনি আইপিএস অফিসার হিসেবে নির্বাচিত হন এবং মধ্যপ্রদেশ ক্যাডার পান।

বর্তমানে অনু বেনিওয়াল মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (Additional SP) পদে অত্যন্ত দক্ষতার সঙ্গে কর্মরত রয়েছেন। সম্প্রতি একটি ট্রাফিক চেকিং অভিযানের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পাওয়ার চেষ্টা করা এক গাড়িচালকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিয়ে তিনি ব্যাপক আলোচনা ও প্রশংসায় আসেন। অনু বেনিওয়ালের এই অসামান্য সাফল্যের পথচলায় কোনও শর্টকাট ছিল না, বরং ছিল বারবার হোঁচট খেয়েও দ্বিগুণ শক্তিতে ঘুরে দাঁড়ানোর অদম্য জেদ, যা আজকের প্রজন্মের কাছে এক উজ্জ্বল অনুপ্রেরণা।