সেপ্টেম্বরেই কি বাংলাদেশ সিরিজ? নিরাপত্তার ঘেরাটোপে থাকা সফর নিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র!

ভারতের বাংলাদেশ সফর ঘিরে ফের তৈরি হলো চরম অনিশ্চয়তা। আগামী সেপ্টেম্বর মাসে প্রতিবেশী রাষ্ট্রে ৩টি একদিনের এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। তবে বর্তমান পরিস্থিতিতে রোহিত-বিরাটদের এই সফর কি আদৌ সম্ভব? এই বড় প্রশ্নের উত্তর এখন বোর্ডের কাছেও নেই। বিসিসিআই সূত্রে খবর, বাংলাদেশ সফর নিয়ে বোর্ড একা কোনো সিদ্ধান্ত নিতে নারাজ। খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকারই।
বিসিসিআইয়ের স্পষ্ট বার্তা, শেষ কথা বলবে সরকার
আজতক-কে বোর্ডের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, “এটি অত্যন্ত সংবেদনশীল একটি সফর। বিসিসিআই একা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। বিষয়টি নিয়ে খুব শীঘ্রই বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অনুমতি চাওয়া হবে। সরকারের সবুজ সংকেত মিললেই কেবল বাংলাদেশ সফর সম্ভব।”
জাতীয় দলের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনোভাবেই আপস করতে রাজি নয় বোর্ড। সরকারি ছাড়পত্র না মিললে ঢাকা যাওয়ার বিমান ধরবে না ভারতীয় দল। অন্যথায় এই সিরিজ বাতিল হওয়া ছাড়া উপায় নেই।
বিসিবির প্রস্তাব ও সূচি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) অবশ্য যেকোনো মূল্যে এই সিরিজটি আয়োজন করতে মরিয়া। সফর চূড়ান্ত করতে ইতিমধ্যেই বিসিসিআইকে চিঠি পাঠিয়েছে তারা। ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে জোড়া সিরিজের সম্ভাব্য সূচিও তৈরি করে ফেলেছে বিসিবি। দুই বোর্ডের মধ্যে আলোচনা চললেও পুরো বিষয়টি পুরোপুরি নির্ভর করছে ভারতের বিদেশ ও স্বরাষ্ট্রমন্ত্রকের সবুজ সংকেতের ওপর।
উল্লেখ্য, ২০২৪ সালেই এই সিরিজটি খেলার কথা ছিল। কিন্তু তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও কূটনৈতিক উত্তেজনার কারণে তা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরে সিরিজটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও, বর্তমান পরিস্থিতিতে তা ফের ঝুলে গেল। আগামী কয়েক দিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।