সূর্য আরাধনার পাশাপাশি কেন এতটা গুরুত্বপূর্ণ ছট পুজোর এই বিশেষ ব্রত? রইল সম্পূর্ণ নিয়ম ও ইতিহাস

ছট পুজো মানেই ভক্তি, নিষ্ঠা এবং সূর্যদেবের আরাধনা। তবে এই মহাসমারোহের উৎসবের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে ছটী মাইয়ার পুজো। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ছটী মাইয়া হলেন সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি ও সন্তান লাভের আশীর্বাদকর্ত্রী। বহু মহিলা সন্তানের মঙ্গল, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন। লোকবিশ্বাস অনুযায়ী, ছটী মাইয়াকে উষা দেবীর সঙ্গে সম্পর্কিত মনে করা হয়, যিনি সূর্যদেবের পত্নী ও ভোরের আলোর প্রতীক। প্রাচীন বৈদিক ঐতিহ্যের সঙ্গে এই উৎসবের গভীর সম্পর্ক রয়েছে।
ছট মাইয়ার পৌরাণিক কাহিনি অনুসারে, প্রাচীনকালে রাজা প্রিয়ব্রত ও রানি মালিনী দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। বহু ধর্মীয় আচার পালনের পর রানির কোলে সন্তান এলেও জন্মের পরই শিশুটির মৃত্যু হয়। এই শোকে কাতর রাজা প্রিয়ব্রতের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে আবির্ভূত হন ছটী মাইয়া। দেবী নিজের অলৌকিক শক্তিতে মৃত শিশুটিকে পুনর্জীবন দান করেন। এই কাহিনি থেকেই সন্তান জন্মের ষষ্ঠ দিনে ছটী মাইয়ার আরাধনার বিশেষ মাহাত্ম্য তৈরি হয়েছে, যা বাংলায় ষষ্ঠীপুজো নামেও পরিচিত।
ছট পুজো মূলত চার দিনের এক কঠোর উৎসব। প্রথম দিন ‘নহায়-খায়’ দিয়ে শুরু হয় শুদ্ধাচার। দ্বিতীয় দিন ‘খরনা’-র দিন সারাদিন উপবাসের পর গুড়ের পায়েস ও রুটি প্রসাদ হিসেবে গ্রহণ করা হয় এবং শুরু হয় নির্জলা উপবাস। তৃতীয় দিন নদী বা জলাশয়ে দাঁড়িয়ে অস্তগামী সূর্যকে ‘সন্ধ্যা অর্ঘ্য’ দেওয়া হয়। চতুর্থ ও শেষ দিন ভোরে উদীয়মান সূর্যকে ‘ঊষা অর্ঘ্য’ নিবেদনের মাধ্যমে এই মহা ব্রত সম্পন্ন হয়। সূর্য ও জলাশয়ের প্রতি কৃতজ্ঞতা এবং জীবনের প্রতিটি পর্যায়কে সম্মান জানানোর অনন্য বার্তা দেয় এই ছট পুজো।