দিলজিৎ দোসাঞ্জকে মিষ্টি দই খাওয়ালেন না মোনালি ঠাকুর! কেন ক্ষোভপ্রকাশ করলেন জনপ্রিয় গায়ক?

কলকাতায় এসে শহরের আতিথেয়তা, খাবারদাবার এবং সাংস্কৃতিক আবহে দারুণভাবে মজে গিয়েছিলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সম্প্রতি কলকাতা সফরের অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিও ভাগ করে নেন তিনি। সেখানে কলকাতার প্রতি নিজের ভালোলাগার কথা বলতে গিয়েই উঠে আসে এক মজার প্রসঙ্গ। দিলজিতের অভিযোগ, কলকাতায় এলে বাড়িতে ডেকে তাঁকে মিষ্টি দই খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বাঙালি গায়িকা মোনালি ঠাকুর। কিন্তু গায়ক শহরে আসার পরেও সেই প্রতিশ্রুতি পূরণ করেননি মোনালি! দিলজিতের এই মজার অভিযোগ ঘিরে নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে।
দিলজিতের কথায়, “মোনালি ঠাকুর আমাদের কথা দিয়েছিলেন। উনি কলকাতার মেয়ে, বলেছিলেন বাড়িতে আমন্ত্রণ জানিয়ে মিষ্টি দই খাওয়াবেন। কিন্তু উনি আমাকে মিষ্টি দই খাওয়াননি।” শেষ পর্যন্ত নিজেকেই জোগাড়যন্ত্র করে মিষ্টি দই খেয়ে নিতে হয়েছে বলে জানান তিনি। তবে দিলজিতের এই মজার নালিশ শুনে চুপ থাকেননি মোনালিও। সমাজমাধ্যমে এক ভিডিওবার্তায় তিনি পাল্টা জানান, এত বছর পর দিলজিৎ তাঁকে মনে রেখেছেন, তাও আবার মিষ্টি দইয়ের অছিলায়, এটাই তাঁর কাছে বেশ আনন্দের। তবে এবার আর কোনও অজুহাত চলবে না। মোনালি স্পষ্ট জানিয়েছেন, দিলজিতকে মিষ্টি দই তো খাওয়াতেই হবে, সঙ্গে রয়েছে আস্ত বাঙালি ভোজের এলাহি আয়োজন। মোনালির মজার দাবি, সঠিক বাঙালি ভোজের স্বাদ পেলে দিলজিৎ আর কলকাতা ছেড়ে ফিরতেই চাইবেন না।
শুধু খাবারদাবার নয়, পরবর্তীবার কলকাতায় এলে স্থানীয় দর্শকদের জন্য অন্তত একটি জনপ্রিয় বাংলা গান গাওয়ার বিশেষ অনুরোধও রেখেছেন মোনালি। প্রয়োজন হলে গানের তালিকাও তিনি নিজে পাঠাবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, একসময়ে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘রাইজিং স্টার’-এর বিচারকের আসনে একসঙ্গে কাজ করেছিলেন দিলজিৎ ও মোনালি। সেই সূত্রেই গড়ে উঠেছে তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্ব। আগামী ১৯ ডিসেম্বর ‘অরা’ কনসার্টের অংশ হিসেবে ফের কলকাতায় আসার কথা দিলজিতের। এখন অনুরাগীদের নজর, মিষ্টি দই ও জমকালো বাঙালি ভোজের প্রতিশ্রুতি মোনালি কীভাবে রক্ষা করেন এবং মঞ্চে দিলজিৎ বাংলা গান গেয়ে দর্শকদের মন জয় করেন কি না।