সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের হানায় নিখোঁজ মৎস্যজীবী, গ্রামের বাড়িতে শোকের ছায়া

সুন্দরবনের চামটা জঙ্গলে মাছ ধরার সময় নৌকায় বাঘের আক্রমণের শিকার হয়েছেন এক মৎস্যজীবী। চোখের সামনেই তাঁকে জঙ্গলে তুলে নিয়ে গেছে বাঘ। নিখোঁজ মৎস্যজীবীর নাম চিরঞ্জিত মণ্ডল। তাঁর বাড়ি গোসাবার কালিদাসপুরে। এই ঘটনায় গ্রামে শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

কী ঘটেছিল?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট চিরঞ্জিত মণ্ডল তাঁর দুই সঙ্গী তরুণ বৈদ্য ও অপূর্ব গায়েনের সঙ্গে মাছ ধরতে সুন্দরবনে যান। সোমবার বিকেলে তাঁরা যখন চামটার জঙ্গলের কাছে মাছ ধরছিলেন, তখন হঠাৎ একটি বাঘ তাঁদের নৌকায় ঝাঁপিয়ে পড়ে। হতভম্ব হয়ে গেলেও সঙ্গীরা বাঁশ ও লোহার রড দিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু তার আগেই বাঘ চিরঞ্জিতকে ধরে জঙ্গলের গভীরে চলে যায়।

দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও চিরঞ্জিতের কোনো সন্ধান না পেয়ে সঙ্গীরা মঙ্গলবার গ্রামে ফিরে আসেন এবং বন দফতর ও সুন্দরবন কোস্টাল থানায় খবর দেন। খবরটি জানাজানি হতেই চিরঞ্জিতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।

উদ্ধারকাজ শুরু
ঘটনার খবর পেয়ে গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ও বন দফতর যৌথভাবে নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চালাচ্ছে।