সিলিন্ডার পিছু ১০ হাজার টাকা! রান্নার গ্যাসের আকাশছোঁয়া দামে দেউলিয়া হওয়ার মুখে পাকিস্তান

প্রবল অর্থনৈতিক সংকটের মুখে থাকা পাকিস্তানে এবার নতুন বিপর্যয়! চরম ছন্দে লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। দেশের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একাধিক জায়গায় এলপিজি-র (LPG) দাম কেজিপ্রতি ৭৫০ পাকিস্তানি রুপি স্পর্শ করেছে। ফলে সাধারণ একটি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বিকোচ্ছে ১০ হাজার রুপি ছাড়িয়ে। এই নজিরবিহীন পরিস্থিতিতে হাহাকার তৈরি হয়েছে দেশজুড়ে।

পরিস্থিতি আরও জটিল করেছে ইরান সীমান্তে বাণিজ্যের মারাত্মক প্রভাব। ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে সীমান্ত পারাপার ব্যাহত হওয়ায় এলপিজির স্বাভাবিক সরবরাহ পুরোপুরি ভেঙে পড়েছে। পরিসংখ্যান বলছে, পাকিস্তানের মোট এলপিজি চাহিদার প্রায় ৭০ শতাংশই আমদানি করা হয় এবং সীমান্ত বন্ধ থাকায় বাজারে ঘাটতি চরমে পৌঁছেছে। সম্প্রতি বালুচিস্তানের গাবদ-রিমদান সীমান্ত আংশিক খোলা হলেও তা সরবরাহের ঘাটতি মেটাতে একেবারেই পর্যাপ্ত নয়।

অন্যদিকে, প্রশাসনিক হয়রানি ও জরিমানা আদায়ের বিরুদ্ধে লাহোরসহ পাকিস্তানের বিভিন্ন শহরে রাস্তায় নেমেছেন খুচরো এলপিজি বিক্রেতারা। ৫,৫০০ থেকে ৬,০০০ দোকান বন্ধ রেখে চলছে ডিলারদের প্রতিবাদ। তাঁদের অভিযোগ, অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি অথরিটি (OGRA) বড় বড় কালোবাজারি সংস্থাগুলির বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে ছোট বিক্রেতাদের ওপর জরিমানা চাপিয়ে দিচ্ছে।

সবমিলিয়ে এই মুহূর্তে এক সংকটজনক পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তান। সরকারি নির্ধারিত দর কেজিপ্রতি ২৭৯.৩৪ রুপি হলেও বাজারে তা বিকোচ্ছে কেজিপ্রতি ৬০০ থেকে ৭৫০ রুপিতে। ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির কাছে এলপিজি সম্পূর্ণ নাগালের বাইরে চলে গিয়েছে। গ্যাস না পেয়ে বহু পরিবার বাধ্য হয়ে কাঠ ও কয়লা দিয়ে রান্না সারছে, যা পরিস্থিতিকে মধ্যযুগীয় অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।