‘সমবয়সী’ শাহরুখের মায়ের চরিত্রে অভিনয়! অস্বস্তি হয়েছিল দীপিকার? ফাঁস হল কিং খানের ‘ফ্যান’ ছবির নেপথ্যের অজানা গল্প!

তিনি বলিউডের ‘বেতাজ বাদশা’, তবে এই খেতাব পেতে শাহরুখ খানকেও করতে হয়েছে লাগাতার পরিশ্রম। কিং খানের সেই স্ট্রাগলের দিনগুলোর কথাই উঠে এল তাঁরই প্রাক্তন সহকর্মী, অভিনেত্রী দীপিকা দেশপান্ডে-র এক সাক্ষাৎকারে। থিয়েটার করার সময় থেকেই শাহরুখের সঙ্গে কাজ করতেন দীপিকা।
সমবয়সী অভিনেতার মায়ের চরিত্রে অভিনয়
২০১৬ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ছবি ‘ফ্যান’। এই ছবিতে শাহরুখের ‘ফ্যান’ চরিত্রটির মায়ের ভূমিকাতে অভিনয় করেছিলেন দীপিকা। যদিও তাঁরা দু’জন ছিলেন সমবয়সী। সমবয়সী অভিনেতার মায়ের চরিত্রে অভিনয় করতে তাঁর অস্বস্তি হয়েছিল কিনা, এই প্রশ্নের জবাব দিয়েছেন দীপিকা।
দীপিকার কথায়, “প্রথম দিকে একটু কুণ্ঠাবোধ কাজ করেছিল। যদিও আমায় পরিচালক জানিয়েছিলেন শাহরুখকে ছবিতে অনেক ছোট দেখানো হবে। প্রস্থেটিক এবং স্পেশ্যাল এফেক্টের ব্যবহারে তাঁর বয়স কমিয়ে ফেলা হবে।” হয়েছিলও তেমনটা। তবে বক্স অফিসে ছবিটি সেভাবে আঁচড় কাটতে পারেনি।
মারুতি গাড়ির ‘মালবাহী’ শাহরুখ
স্টারকিড না হলেও কিং খানের পারিবারিক অবস্থা খুব একটা খারাপ ছিল না। থিয়েটার করার সময় শাহরুখের একটি সাধারণ মারুতি গাড়ি ছিল। দীপিকা সেই সময়ের স্মৃতিচারণ করে বলেন, “শাহরুখ আর ঋতুরাজ—এই দুই জনের কাছে গাড়ি ছিল। থিয়েটার শেষ হতে হতে প্রায়শই রাত হয়ে যেত। আর রাত হলেই মেয়েদের বাড়ি ছাড়তে যেতেন শাহরুখ। মনে হত যেন কোনো মালবাহী গাড়ি। সবাইকে একসঙ্গে উঠিয়ে নিয়ে ছাড়তে ছাড়তে যেত ও।”
দীপিকা জানান, সেই সময় সবাই সবাইকে সাহায্য করতেন। একসঙ্গে সবাই মিলে থিয়েটারের পোশাকও কিনতে যেতেন।
মানুষ হিসেবে কেমন ছিলেন কিং খান?
মানুষ হিসেবে শাহরুখ কেমন ছিলেন, সেই প্রশ্নেরও জবাব দেন দীপিকা। তাঁর কথায়, “যে পরিমাণ উৎসাহ তাঁর সে সময় ছিল, এখনও তাই-ই রয়েছে। সবার পাশে দাঁড়াত। রাত হয়ে গেলে কেউ না থাকলেও শাহরুখ ঠিক থাকতেন। নিরাপদে পৌঁছে দিতেন।”
প্রাক্তন সহকর্মীর স্মৃতিচারণায় স্পষ্ট, আজ তারকা হওয়ার পরও শাহরুখের সেই পুরোনো উৎসাহ এবং সহযোগী মনোভাব একই রকম রয়ে গিয়েছে।