সন্তানের কল্যাণই সবার আগে, অভিভাবকত্ব নিয়ে বড় নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

ছেলেমেয়েরা মা-বাবার সম্পত্তি নয় এবং ইচ্ছে মতো তাদের পরিচালনা করা যায় না। বিবাহবিচ্ছেদ সংক্রান্ত এক মামলার শুনানিতে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে দেশের সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, ছেলেমেয়েরা মা-বাবার হাতের পুতুল নয়। মা-বাবার আইনি অধিকারের চেয়ে শিশুর কল্যাণ অনেক বেশি গুরুত্বপূর্ণ।

বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি অপরেশ কুমার সিংহের বেঞ্চ এই মামলায় মাদ্রাজ হাইকোর্টের আগের রায় খারিজ করে দিয়েছে। এর আগে হাইকোর্ট দুই সন্তান বাবার কাছে থাকবে বলে রায় দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বাবা স্বাভাবিক অভিভাবক হিসেবে স্বীকৃতি পেতেই পারেন, তবে তার মানে এই নয় যে সর্বদা বাবাই প্রধান অভিভাবক হিসেবে গণ্য হবেন। এ ক্ষেত্রে সন্তানদের ভালমন্দই মূল বিচার্য বিষয়।

মামলার প্রেক্ষাপট অনুযায়ী, তামিলনাড়ুর ওই দম্পতি ২০১৪ সালে আলাদা হয়ে যান এবং ২০১৮ সালে তাঁদের আইনি বিচ্ছেদ হয়। তখন থেকেই তাঁদের ১৬ ও ১৪ বছর বয়সি দুই ছেলে মা এবং মামারবাড়ির দাদু-দিদার কাছে রয়েছে। সন্তানদের কাস্টডি চেয়ে বাবা প্রথমে ফ্যামিলি কোর্টের দ্বারস্থ হন এবং সেখানে তাঁর পক্ষেই রায় যায়। পরে মাদ্রাজ হাইকোর্টও একই রায় বহাল রাখে।

হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান দুই কিশোরের মা। শুনানির সময় বিচারপতিরা দুই কিশোরের সঙ্গে কথা বলেন এবং দু’জনেই জানায় যে তারা মায়ের কাছেই থাকতে চায়। কিশোরদের বক্তব্য, তারা যখন বাবার সঙ্গে ছিল, তখন দু’বছরে মাত্র চার থেকে পাঁচ বার বাবার সঙ্গে দেখা হয়েছিল। তাই মায়ের কাছে থাকতেই তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।

আদালত আরও উল্লেখ করে যে, দুই কিশোরের মা কর্মরত হলেও ছেলেদের লালনপালন এবং পড়াশোনার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছেন। বিচারপতিদের কথায়, এ ধরনের পরিস্থিতিতে মানবিক দিক খতিয়ে দেখা জরুরি। বাবা যেমন স্বাভাবিক অভিভাবক, মাও তেমনই স্বাভাবিক অভিভাবক। শেষ পর্যন্ত মাকে দুই সন্তানের কাস্টডি দিয়েছে শীর্ষ আদালত। তবে বাবাকে সন্তানদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে এবং ছেলেদের পড়াশোনার খরচখরচে অংশ নিতে বলা হয়েছে।