ট্রেনে জোরে রিলস বা গান চালালে জরিমানা ও জেল? কড়া নির্দেশিকা পূর্ব রেলের

ব্যান্ডেল-কাটোয়া শাখায় লেভেল ক্রসিংয়ের পরিবর্তে লিমিটেড হাইট সাবওয়ে নির্মাণের কাজের জন্য আগামী ২৮ নভেম্বর ওই লাইনে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। হাওড়া ডিভিশনের অন্তর্গত কাটোয়া ও দাঁইহাটা স্টেশনের মাঝখানে থাকা ২১/১/সি/ই নম্বর লেভেল ক্রসিং গেটের পরিবর্তে এই সাবওয়ে তৈরির কাজ হবে। সে কারণে শনিবার আপ ও ডাউন লাইনে মোট ৩৬০ মিনিটের ট্রাফিক অ্যান্ড পাওয়ার ব্লক নেওয়া হবে এবং ব্যান্ডেল-কাটোয়া শাখায় ১৪টি ট্রেন বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে খবর।
রেল সূত্রে জানা গিয়েছে, ২৮ নভেম্বর সকাল ৯টা ২০ মিনিট থেকে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত লাইনে কাজ চলবে। এর জেরে বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে হাওড়া-কাটোয়া ৩৭৯১৩, ৩৭৯১৫ ও ৩৭৯১৭; ব্যান্ডেল-কাটোয়া ৩৭৭৪৭, ৩৭৭৪৯ ও ৩৭৭৫১; শিয়ালদহ-কাটোয়া ৩১১১১। পাশাপাশি কাটোয়া-হাওড়া ৩৭৯২২, ৩৭৯২৪ ও ৩৭৯২৬; কাটোয়া-ব্যান্ডেল ৩৭৭৪৪, ৩৭৭৪৬ ও ৩৭৭৪৮ এবং কাটোয়া-শিয়ালদহ ৩১১১২ নম্বর লোকাল ট্রেনও বাতিল থাকবে।
শুধু লোকাল ট্রেনই নয়, এই কাজের প্রভাব পড়বে দূরপাল্লার ট্রেন চলাচলেও। ২৮ নভেম্বর যাত্রা শুরু করতে চলা ১৩৪৬৬ মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস এবং ১৩৪৬৫ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের সময়সূচি পাঁচ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। রেলের এই সিদ্ধান্তের ফলে ২৮ নভেম্বর ব্যান্ডেল-কাটোয়া শাখার যাত্রীদের যাত্রার আগে ট্রেনের সময়সূচি দেখে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, একাধিক জায়গায় কাজ হওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ট্রেনে বা স্টেশনে যাতায়াতের সময় সহ-যাত্রীদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় মোবাইল ফোন থেকে ভেসে আসা গান বা রিলসের শব্দ। তা রুখতে কড়া পদক্ষেপ করেছে পূর্ব রেল। স্টেশন চত্বর এবং ট্রেনের কামরায় মোবাইলের স্পিকার অন করে গান বাজানো, ভিডিও বা রিলস দেখা, উচ্চস্বরে রিংটोन বাজানো এবং ফোনে চিৎকার করে বা দীর্ঘক্ষণ কথা বলার বিরুদ্ধে বিশেষ নির্দেশিকা জারি করেছে পূর্ব রেলের প্রিন्सিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজারের দফতর। নিয়ম না মানলে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং ক্ষেত্রবিশেষে ৬ মাস পর্যন্ত কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।