সকালে বাড়ল, দুপুর গড়ালে হুড়মুড়িয়ে পতন! আজ কলকাতায় সোনা-রুপো কেনার আগে এই দাম না দেখলে ঠকবেন

সপ্তাহের শেষ কাজের দিনে ফের বড় ধরনের ওঠানামার সাক্ষী থাকল বুলিয়ান বাজার। শুক্রবার, ৪ সেপ্টেম্বর, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) এবং আন্তর্জাতিক বাজারে লেনদেনের শুরুতে সোনা ও রুপোর দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও বেলা বাড়তেই ছবিটা পুরোপুরি বদলে যায়। মুনাফা তুলে নেওয়ার ঝোঁকে দ্রুত নিচের দিকে নামতে শুরু করে মূল্যবান এই ধাতুর দর। যার ফলে সপ্তাহের শেষে স্বস্তি মিলেছে ক্রেতা মহলের একাংশে।
এমসিএক্স (MCX) বাজারে এদিন অক্টোবরের সোনার চুক্তি আগের দিনের ১,৫৫,৭৭৫ টাকার তুলনায় ১,৩০০ টাকা বা ০.৮৩ শতাংশ বেড়ে ১,৫৭,০৭৫ টাকায় লেনদেন শুরু করেছিল। কিন্তু দিনের শুরুতে দেখা যাওয়া এই জোলো উৎসাহ বেশিক্ষণ টেকেনি। বাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা জোরালো হওয়ায় দাম হুড়মুড়িয়ে নেমে একসময়ে ১,৫৪,৭৫০ টাকায় এসে ঠেকে। অর্থাৎ, দিনের সর্বোচ্চ স্তর থেকে সোনা প্রায় ২,৩২৫ টাকা পর্যন্ত সস্তা হয়। শেষ পর্যন্ত লেনদেন শেষে ১০ গ্রাম সোনার দর দাঁড়ায় ১,৫৪,৯৯৯ টাকা, যা আগের দিনের তুলনায় ৭৭৬ টাকা কম।
একইভাবে ডিসেম্বরের সোনার চুক্তিও নিম্নমুখী ছিল। ১০ গ্রামে ৬১৫ টাকা বা ০.৩৯ শতাংশ কমে এদিন ওই চুক্তির দাম দাঁড়ায় ১,৫৬,৮৬০ টাকা। সামগ্রিকভাবে আন্তর্জাতিক বাজারের দুর্বল লেনদেন এবং দেশীয় বাজারে প্রফিট বুকিংয়ের জেরে সপ্তাহের শেষ দিনে সোনা ও রুপোর দাম কিছুটা নিয়ন্ত্রণে আসায় সাধারণ মধ্যবিত্ত ক্রেতারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।