শ্বাস নেওয়াই মৃত্যুকে ডেকে আনা! ৮২১ AQI নিয়ে বায়ুদূষণে বিশ্বরেকর্ড গড়ল ভারতের এই রাজ্য

ভারতের জন্য ফের এক চরম আশঙ্কাজনক খবর। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা AQI.in-এর সাম্প্রতিক পরিসংখ্যানে প্রকাশ পেয়েছে এক ভয়াবহ সত্য— বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ৪৯টিই ভারতের! পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে বাইরে বেরিয়ে শ্বাস নেওয়াটাই চরম স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
১০ নভেম্বর প্রকাশিত বিশ্বভিত্তিক দূষণের তালিকায় দেখা যাচ্ছে, বায়ুদূষণের তালিকায় বিশ্বের শীর্ষে রয়েছে ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগর। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৮২১-এ পৌঁছে গিয়েছে, যা মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই শীর্ষ ৫০-এর তালিকায় ভারতের বাইরের মাত্র একটি শহর স্থান পেয়েছে— পাকিস্তানের লাহোর। ৪৩০ AQI নিয়ে বিশ্ব তালিকায় ১৪ নম্বরে রয়েছে প্রতিবেশী দেশের এই শহরটি। অর্থাৎ শীর্ষ ৫০-এর বাকি ৪৯টি স্থানই দখলে রেখেছে ভারতের বিভিন্ন শহর।
বিষাক্ত বাতাসে হাঁসফাঁস উত্তর ভারত:
AQI.in-এর তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, উত্তর ভারতের বাতাস এখন সম্পূর্ণ বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশের একাধিক শহর এই তালিকায় উপরের সারিতে রয়েছে। শ্রীগঙ্গানগরের (৮২১ AQI) পরেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পঞ্জাবের ভাটিন্ডা (AQI ৬২৯)। তৃতীয় স্থানে হরিয়ানার সিরসা (AQI ৫৪৪)। এর পরেই যথাক্রমে রয়েছে হরিয়ানার হিসার (AQI ৫১৬) এবং পঞ্জাবের ফরিদকোট (AQI ৫০৬)।
তালিকা থেকে স্পষ্ট যে দূষণের এই মহাবিপদ কেবল রাজধানী দিল্লি বা তার সংলগ্ন এনসিআর (NCR)-এ সীমাবদ্ধ নেই। পঞ্জাবের লুধিয়ানা, পাতিয়ালা থেকে শুরু করে উত্তরপ্রদেশের বদায়ুঁ, জৌনপুর এবং গোরক্ষপুরের মতো মফস্বল ও শহরগুলিও বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দূষিত অঞ্চলের তালিকায় ঢুকে পড়েছে। ভারতের রাজধানীর দূষণের মাত্রা ৩৯৩ AQI নিয়ে দিল্লি রয়েছে তালিকার ২৪ নম্বরে।
দীপাবলির পর রাজধানীর বাতাস ‘বিষাক্ত’, চরম রাজনীতি:
৮ নভেম্বর দীপাবলির পর থেকে দিল্লি ও সংলগ্ন এলাকায় বায়ুদূষণ আরও ভীতিপ্রদ রূপ নিয়েছে। আদালতের নিষেধাজ্ঞা উড়িয়ে রাতভর দেদার বাজি ফাটানোর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। দীপাবলির পরদিন ৯ নভেম্বর সকালে দিল্লির গড় AQI পৌঁছায় ৬৬৩-তে, যা আগের বছরের তুলনায় প্রায় ৬৯ শতাংশ বেশি!
এই বিষাক্ত বাতাসকে ঘিরে এখন দিল্লির রাজনীতিও উত্তপ্ত। দিল্লির বিজেপি সরকারের মন্ত্রী কপিল মিশ্র সরাসরি পঞ্জাবের আম আদমি পার্টি (AAP) সরকারকে নিশানা করে অভিযোগ তুলেছেন যে পঞ্জাবে পরিকল্পিতভাবে জমিতে নাড়া (Crop Stubble) পোড়ানো হচ্ছে, যার ধোঁয়া দিল্লিকে গিলে খাচ্ছে। অন্যদিকে, আপ নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে পাল্টা তোপ দেগেছে।
দূষণ নিয়ে রাজনৈতিক আকচা-আকচি তুঙ্গে উঠলেও আসল ভুক্তভোগী সাধারণ মানুষ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বারবার সতর্ক করছেন যে এই মাত্রাতিরিক্ত দূষিত বাতাস ফুসফুসের কার্যক্ষমতা কমিয়ে দিয়ে বয়স্ক ও শিশুদের জীবন ঝুঁকিপূর্ণ করে তুলছে।