চার দশক পর জট কাটল জম্মু-কাশ্মীরের সর্ববৃহৎ প্রকল্পের! পাকিস্তানকে শিক্ষা দিয়েই বাজিমাত ভারতের?

জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর বুকে গড়ে ওঠা সর্ববৃহৎ সাওয়ালকোট ১৮০০ মেগাওয়াটের মেগা জলবিদ্যুৎ প্রকল্পের পরিকাঠামো উন্নয়নের জন্য ১,৪০০ কোটি টাকার অনুমোদন দিল পাবলিক ইনভেস্টমেন্ট বোর্ড (PIB)। ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন (NHPC) দ্বারা নির্মিত এই প্রকল্পের জন্য ৭৫:২৫ ঋণ-ইক্যুইটি অনুপাত নির্ধারণ করে ফান্ডিং কাঠামো অনুমোদন করেছে শীর্ষ সংস্থাটি। এর ফলে প্রকল্পের মোট আনুমানিক খরচ ৩৫,০০০ কোটি টাকা থেকে কমে দাঁড়িয়েছে ২৬,৩৭৩ কোটি টাকায়। তবে বিদ্যুৎ মন্ত্রক প্রস্তাবিত ১৮,৭৩০.২৫ কোটি টাকার সুদমুক্ত ঋণের বিষয়টি অর্থ মন্ত্রকের বাজেট বিভাগের পৃথক বিবেচনার জন্য পাঠানো হয়েছে, যার মূল উদ্দেশ্য ছিল বিদ্যুতের শুল্ক প্রতি ইউনিট ৯.৫৭ টাকা থেকে কমিয়ে মাত্র ৫ টাকার ঘরে নিয়ে আসা।

পিআইবি-র নির্দেশিকায় জানানো হয়েছে, প্রকল্প সম্পন্ন করার সম্ভাব্য সময়সীমা ২০৩৬ সালের আগস্ট মাস। তবে এই মেগা প্রকল্প ঘিরে নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েন। কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচিত সরকারের ক্ষমতা কতটুকু, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বিদ্যুৎ দপ্তরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, JKSPDC বা তাদের সিদ্ধান্তের ওপর নির্বাচিত সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, পুরো বোর্ডের মাথায় রয়েছেন লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা। অন্যদিকে, ৪০ বছর বাণিজ্যিক পরিচালনার পর প্রকল্পটি বিনামূল্যে কেন্দ্রশাসিত অঞ্চলকে ফিরিয়ে দেওয়া এবং ডিজাইন এনার্জি কমানোর ফলে স্থানীয় ফ্রিতে পাওয়া বিদ্যুতের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন আধিকারিকরা।

উল্লেখ্য, ১,৪০১ হেক্টরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই সাওয়ালকোট প্রকল্পটি বিগত চার দশক ধরে নানা প্রশাসনিক জটিলতা, পরিবেশগত শঙ্কা এবং পাকিস্তানের আপত্তির কারণে আটকে ছিল। সিন্ধু জল চুক্তির কারণে এতদিন ভারতে চেনাব নদীতে বিদ্যুৎ তৈরিতে বাধ্যবাধকতা থাকলেও, বিগত বছরগুলোতে পাকিস্তানের সঙ্গে জল চুক্তি বাতিলের পর কেন্দ্র সরকার এই প্রকল্পে জোরকদমে গতি আনে। ২০২১ সালে যা ৪০ বছরের জন্য তুলে দেওয়া হয় এনএইচপিসির হাতে। সব ঠিক থাকলে চূড়ান্ত সিসিইএ (CCEA) অনুমোদনের পরই ভারতের অন্যতম বৃহত্তম এই বিদ্যুৎ শক্তির রূপায়ণ শুরু হতে চলেছে।