শুল্ক থেকে ট্রিলিয়ন ডলার আয়, ধনী ছাড়া প্রতি আমেরিকান পাবেন ২,০০০ ডলার: ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বিতর্কিত শুল্ক নীতি (Tariff Policy) নিয়ে ফের সুর চড়ালেন এবং একই সঙ্গে আমেরিকান নাগরিকদের জন্য এক বড় আর্থিক সুবিধার প্রতিশ্রুতি দিলেন। রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প ঘোষণা করেন যে, তাঁর সরকার শুল্ক থেকে যে বিশাল আয় করছে, তা দিয়েই ধনী ছাড়া প্রতি আমেরিকানকে শীঘ্রই অন্তত ২,০০০ ডলার করে দেওয়া হবে।
ট্রাম্প সরাসরি তাঁর বাণিজ্য নীতির সমালোচকদের আক্রমণ করে বলেন, “যারা শুল্কের বিরুদ্ধে, তারা বোকা!”
মার্কিন প্রেসিডেন্টের দাবি, তাঁর সরকার আমেরিকাকে বিশ্বের সবচেয়ে ধনী ও সম্মানিত দেশে পরিণত করেছে, যেখানে মুদ্রাস্ফীতি প্রায় নেই এবং স্টক মার্কেটে রেকর্ড মূল্য রয়েছে। ট্রাম্পের মতে, শুল্ক থেকে ট্রিলিয়ন ডলার আয় হচ্ছে। এই অর্থ দুটি প্রধান খাতে ব্যয় করা হবে: ১. দেশের ওপর থাকা ৩৭ ট্রিলিয়ন ডলারের ঋণের বোঝা কমানো এবং দ্রুত তা মেটানো। ২. প্রত্যেক আমেরিকান নাগরিককে ২,০০০ ডলার করে ডিভিডেন্ড প্রদান করা। তবে তিনি স্পষ্ট করেন যে ধনীরা এই অর্থ পাবেন না।
তবে কীভাবে এই ডিভিডেন্ড দেওয়া হবে বা কবে থেকে এই অর্থ বিতরণ শুরু হবে, সেই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বিস্তারিত কোনো তথ্য খোলসা করেননি।