শুধু গোর্খা নয়, রাজবংশী-আদিবাসীদেরও দাবি! সুকনার গোপন বৈঠকে বড় বার্তা রাজ্যের মন্ত্রীর

উত্তরবঙ্গের দীর্ঘদিনের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি শুধু গোর্খাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাজবংশী, আদিবাসী-সহ সমতলের অন্যান্য জনজাতির অভাব-অভিযোগকেও সমান গুরুত্ব দেওয়ার জোরালো দাবি উঠল। বৃহস্পতিবার রাতে সুকনার একটি টি রিসর্টে কেন্দ্রীয় সরকার নিযুক্ত মধ্যস্থতাকারী পঙ্কজকুমার সিং, রাজ্যের স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ এবং কেন্দ্রীয় আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন রাজ্যের অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণ এবং ফাঁসিদেওয়ার বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু। ওই বৈঠকে উত্তরবঙ্গের সামগ্রিক সামাজিক ও রাজনৈতিক চিত্রটি কেন্দ্রীয় মধ্যস্থতাকারীর সামনে তুলে ধরেন দুই জনপ্রতিনিধি।

বৈঠক সূত্রে জানা গিয়েছে, দুই জনপ্রতিনিধি গোর্খাদের দাবির বিরোধিতা না-করলেও স্পষ্টভাবে জানিয়েছেন যে, উত্তরবঙ্গের সমস্যা শুধু একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে আবদ্ধ নয়। এই বিস্তীর্ণ অঞ্চলে বসবাসকারী রাজবংশী, আদিবাসী, রাভা, মেচ-সহ অন্যান্য জনজাতিরও দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক বঞ্চনা এবং স্বতন্ত্র দাবি রয়েছে। কেবল গোর্খাদের সমস্যার সমাধান নিয়ে ভাবলে বাকি ভূমিপুত্র ও জনজাতিগুলির প্রতি অবিচার করা হবে বলে তাঁরা স্পষ্ট মত প্রকাশ করেন।

দুই বিজেপি নেতা ও জনপ্রতিনিধির এই বক্তব্য ঘিরে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি পরোক্ষভাবে উত্তরবঙ্গের পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিই মধ্যস্থতাকারীদের সামনে তুলে ধরা হল? যদিও সেই জল্পনা সরাসরি নাকচ করে দিয়েছেন রাজ্যের অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী তথা রাজবংশী নেতা আনন্দময় বর্মণ। তিনি জানান, আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবির প্রসঙ্গে কোনও কথা হয়নি। মধ্যস্থতাকারীদের গোটা উত্তরবঙ্গের বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়েছে এবং কোন জনজাতির কী দাবি ও সমস্যা রয়েছে, তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। স্থায়ী সমাধানের কথা ভাবতে হলে উত্তরবঙ্গের সব অংশের মানুষকেই নিয়ে ভাবতে হবে, এই বার্তাই দেওয়া হয়েছে।

অন্যদিকে, ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু সামগ্রিক উন্নয়নের উপর জোর দিয়ে জানান, রাজ্য ও কেন্দ্রের সরকারের কাছে উত্তরবঙ্গ গুরুত্ব পাচ্ছে এবং নানা উন্নয়নমূলক কাজ হচ্ছে। বাকি সমস্যাগুলির ক্ষেত্রেও সামগ্রিক চিন্তাভাবনার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, দার্জিলিং পাহাড়ের দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে এবং সংবিধানের কাঠামোর মধ্যে থেকে গোর্খাদের দাবিদাওয়া ও স্থায়ী রাজনৈতিক সমাধানের রূপরেখা চূড়ান্ত করতে কেন্দ্রীয় সরকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজকুমার সিংকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছে। তিনি বর্তমানে পাহাড় ও তরাই-ডুয়ার্সের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালাচ্ছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পাহাড়ের স্থায়ী সমাধানের প্রক্রিয়া চলাকালীন সমতলের রাজবংশী ও আদিবাসী নেতৃত্বের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে আগামী দিনে উত্তরবঙ্গের যে কোনও প্রশাসনিক পদক্ষেপ বা উন্নয়নের ক্ষেত্রে সব জনজাতির স্বার্থরক্ষার বিষয়টি সামনে এসেছে। পাশাপাশি, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, উত্তরবঙ্গ বিজেপির শক্তঘাঁটি হওয়ায় সমস্ত জনজাতিকে ঐক্যবদ্ধ করে সামগ্রিক দাবিতে সরব হলে বিচ্ছিন্নতাবাদী প্রবণতা দুর্বল হতে পারে এবং আগামী নির্বাচনে বিজেপি এর থেকে বড়সড় রাজনৈতিক ফায়দা তুলতে পারবে।