তিস্তা সেতুর ওপর রক্তাক্ত রাত! দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে মর্মান্তিক পরিণতি তিন বন্ধুর

বৃহস্পতিবার মাঝরাতে জলপাইগুড়ির তিস্তা সেতুর উপর এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন যুবক। জলপাইগুড়ি থেকে ময়নাগুড়িগামী ২৭ নম্বর জাতীয় সড়কের তিস্তা সেতুর ময়নাগুড়ির দিকের শেষ প্রান্তে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। একটি মোটরবাইকে করে যাওয়ার সময় আচমকাই দুর্ঘটনার কবলে পড়েন ওই তিন আরোহী। আশ্চর্যজনকভাবে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি প্রায় অক্ষত অবস্থায় পড়ে থাকলেও, রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। গুরুতর জখম অবস্থায় তৃতীয় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁরও মৃত্যু হয়। জলপাইগুড়ির এক পুলিশ আধিকারিক এবং জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলিশ ফাঁড়ির তরফে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকদের নাম রিজু মণ্ডল (২২), রোহন রায় (২২) এবং সত্য কেরানি (২৩)। তাঁরা প্রত্যেকেই জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দ পল্লীর বাসিন্দা। মাঝরাতে তিস্তা সেতুর উপর বাইক সহ তিন যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ কর্মীরা তড়িঘড়ি সকলকে উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনার জেরে তিস্তা সেতুতে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে যায়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাইক আরোহীদের কারও মাথাতেই হেলমেট ছিল না। প্রত্যক্ষদর্শী এক ট্রাক চালক শামিম মোল্লা জানান, তাঁরা হরিদ্বার থেকে কোচবিহারের দিকে যাচ্ছিলেন। সেই সময় ওই বাইক আরোহীরা অত্যন্ত দ্রুতগতিতে তাঁদের ট্রাকটিকে ওভারটেক করে এগিয়ে যান। কিছুক্ষণ পর তিস্তা সেতুতে উঠে তাঁরা দেখেন তিন যুবকই রাস্তায় ছিটকে পড়ে রয়েছেন। ঠিক কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি দুর্ঘটনার কবলে পড়ল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। একই পাড়ার তিন তরতাজা যুবকের আকস্মিক মৃত্যুতে বিবেকানন্দ পল্লী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।