বুকিং বাতিল হলেও থামছে না অনুষ্ঠান! কোথায় ও কীভাবে হবে সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের আলোচনা সভা?

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন স্বশাসিত সংস্থা ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার (EZCC)-এ সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানের বুকিং বাতিল হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শেষ মুহূর্তে বুকিং বাতিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এমএ বেবি। তাঁর অভিযোগ, রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই বিজেপি ও আরএসএস সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকে নিজেদের মতো করে পরিচালনা করছে।

আগামী ২২ নভেম্বর কলকাতায় সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভা ও গবেষণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জ্যোতি বসু সমাজচর্চা ও গবেষণা কেন্দ্রের সহযোগিতায় এই কর্মসূচিটি বিধাননগরের EZCC-তে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উদ্যোক্তাদের দাবি, প্রায় তিন মাস আগেই এই অনুষ্ঠানের জন্য হল বুক করা হয়েছিল। কিন্তু গত ১৬ নভেম্বর কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে সেই বুকিং বাতিল করে দেয়।

বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান এমএ বেবি। তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সাধারণের ব্যবহারের জন্য নির্দিষ্ট অনুষ্ঠানস্থলের অনুমতি বাতিল করা বা না দেওয়ার ঘটনা নতুন নয়। সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকে বিজেপি ও সঙ্ঘ পরিবারের নিয়ন্ত্রণে নিয়ে গিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন।

এই প্রসঙ্গে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI) একটি ঘটনার কথাও উল্লেখ করেন এমএ বেবি। তাঁর অভিযোগ, চলচ্চিত্রের সঙ্গে সম্পর্কহীন আরএসএস-ঘনিষ্ঠ একটি সংগঠনকে সেখানে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল এবং এর প্রতিবাদ করায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাও ঘটে বলে তিনি দাবি করেন। তবে EZCC-র বুকিং বাতিল করে সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের কাজ আটকানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। বেবির বক্তব্য, এই সিদ্ধান্তে ফাউন্ডেশনের কর্মসূচি বন্ধ হবে না, বরং এতে EZCC-র সুনামই ক্ষুণ্ণ হবে।

উল্লেখ্য, EZCC-র বুকিং বাতিল হওয়ায় শেষ পর্যন্ত কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনের অডিটোরিয়ামে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটি পর্যায়ে চলবে গোটা অনুষ্ঠানটি। প্রথম পর্যায়ে সকাল ১০টা থেকে সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করবেন আট জন তরুণ গবেষক। ফাউন্ডেশনের আয়োজিত প্রতিযোগিতায় দেশজুড়ে মোট ১৬৮টি গবেষণাপত্র জমা পড়েছিল, যেখান থেকে সাক্ষাৎকারের মাধ্যমে এই আটটি গবেষণাপত্র বেছে নেওয়া হয়েছে।