: শিল্পে জোয়ার রাজ্যে! মুকেশ আম্বানির সংস্থার সঙ্গে মেগা বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে এক সোনালী অধ্যায়ের সূচনা হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসল শিল্পপতি মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স গোষ্ঠীর শীর্ষ প্রতিনিধি দল। সম্প্রতি মুম্বই সফরে গিয়ে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ও অনন্ত আম্বানির সঙ্গে মুখ্যমন্ত্রীর যে প্রাথমিক আলোচনা হয়েছিল, আজকের এই বৈঠক তারই ফলশ্রুতি বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রিলায়েন্সের পূর্বাঞ্চলের অধিকর্তা তরুণ ঝুনঝুনওয়ালার নেতৃত্বে ১০ জনের একটি প্রতিনিধি দল এদিন নবান্নে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সঙ্গেও প্রাথমিক আলোচনা সারেন।

এদিনের এই মেগা বৈঠকে মূলত বিদ্যুৎ, পরিবহণ, তথ্যপ্রযুক্তি, চলচ্চিত্র এবং পরিকাঠামোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বিশাল অঙ্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৈঠকে মোট ছয়টি প্রধান ক্ষেত্রে বিনিয়োগের রূপরেখা খতিয়ে দেখা হয়েছে—যার মধ্যে রয়েছে ডেটা সেন্টার ও এআই ক্লাউড পরিষেবা, একটি আন্তর্জাতিক কেবল ল্যান্ডিং স্টেশন, কয়লা গ্যাসীকরণ প্রকল্প, উত্তরবঙ্গে একটি আধুনিক ফুড পার্ক, উন্নত সড়ক পরিকাঠামো এবং একটি মাল্টি-স্পেশালিটি হাসপাতাল। রাজারহাটের সিলিকন ভ্যালি হাবে রিলায়েন্সের ডেটা সেন্টারের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি দিঘায় কেবল ল্যান্ডিং স্টেশন এবং দেউচা-পাচামি কয়লা প্রকল্পে সংস্থার সম্ভাব্য অংশগ্রহণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

ঘাটালের এক সরকারি কর্মসূচি শেষে নবান্নের এই বৈঠকের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত আশাবাদী সুরে জানান যে, রিলায়েন্সের এই ব্যাপক বিনিয়োগের ফলে রাজ্যে প্রচুর নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বাংলার অর্থনৈতিক চিত্র সম্পূর্ণ বদলে যাবে। মূলধন বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থান তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এছাড়া এদিন মুখ্যমন্ত্রী অম্বুজা নেওটিয়া গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া এবং ম্যাটিক্স ফার্টিলাইজার্সের চেয়ারম্যান নিশাদ কানৌদিয়ার সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউরিয়া প্রকল্পসহ ভবিষ্যৎ প্রকল্পগুলির ঘোষণা নিয়ে শিল্পপতিদের সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে।