শিয়ালদহ শাখার যাত্রীদের জন্য বড় স্বস্তি! জলমগ্ন ট্র্যাকের দিন শেষ করতে হাত মেলাল রেল ও কলকাতা পুরসভা

শিয়ালদহ ডিভিশন ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে এবার জরুরি ভিত্তিতে মেরামত হতে চলেছে টালার ৭২ ইঞ্চি জলের পাইপলাইন। কলকাতা স্টেশন ও সংলগ্ন রেললাইনে জল জমে যাতে আর ট্রেন চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, সেই লক্ষ্যেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার শিয়ালদহ ডিআরএম অফিসে পূর্ব রেল এবং কলকাতা পুরসভার উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই উচ্চপর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা।

প্রসঙ্গত, গত সপ্তাহেই টালা পাম্পিং স্টেশনের ৭২ ইঞ্চি বিশালাকার জল সরবরাহকারী পাইপলাইনে বড়সড় লিকেজ দেখা দেওয়ায় গোটা কলকাতা স্টেশন চত্বর ও চক্ররেলের লাইন জলমগ্ন হয়ে পড়েছিল। এর জেরে একদিকে যেমন উত্তর এবং মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশে পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দেয়, তেমনই রেললাইন জলের তলায় ডুবে যাওয়ায় চক্ররেল ও লোকাল ট্রেন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছিল। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই এবার কোমর বেঁধে নেমেছে রেল ও কলকাতা পুরসভা।

বৈঠকে পুরসভার পক্ষ থেকে কলকাতা ইয়ার্ডের সার্কুলার লাইন ও স্ট্যাবলিং লাইনের মধ্যবর্তী ক্ষতিগ্রস্ত পাইপলাইন এলাকায় দ্রুত মেরামতির প্রস্তাব দেওয়া হয়েছে। এই কাজের জন্য রেলের কাছে আনুষ্ঠানিক অনুমতিও চাওয়া হয়েছে পুরসভার তরফে। সিদ্ধান্ত হয়েছে, পুরসভার আধিকারিকরা খুব শীঘ্রই মেরামতির বিস্তারিত প্রযুক্তিগত পরিকল্পনা (টেকনিক্যাল প্ল্যান) রেলের কাছে জমা দেবেন। অন্যদিকে, কাজের সুবিধার্থে প্রয়োজনীয় ‘রেল ব্লক’ দিয়ে পুরসভাকে সবরকম সহযোগিতা করবে রেল কর্তৃপক্ষ।

রেল ও পুরসভার যৌথ সমন্বয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে এই মেরামতির কাজ শেষ করার ওপর জোর দেওয়া হয়েছে। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা স্পষ্ট জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তা, সুবিধা এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখা রেলের অন্যতম প্রধান অগ্রাধিকার। দুই সংস্থার এই যৌথ উদ্যোগে শীঘ্রই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশাবাদী প্রশাসন।