রাবণ রূপে যশের তাণ্ডব! রণবীরের ‘রামায়ণ’ কি এবার ভাঙবে ‘ধুরন্ধর ২’-এর রেকর্ড?

মুক্তির দুই সপ্তাহ পেরিয়েও বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। বলিউডের একাধিক বড় বাজেটের ছবিকে পিছনে ফেলে দিয়েছে এই সিনেমা, যার মধ্যে অন্যতম রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। রামের চরিত্রে রণবীর কাপুর, রাবণের ভূমিকায় যশ এবং সীতার চরিত্রে সাই পল্লবী—দর্শকের ভালোবাসায় সিক্ত হয়ে সিনেমাটি বিশ্বজুড়ে দুর্দান্ত ব্যবসা করছে। সমালোচক ও দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও মাত্র ১৪ দিনে বিশ্বব্যাপী প্রায় দেড় হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে এই মেগা প্রজেক্ট।

দীপাবলির আবহে মুক্তি পাওয়া এই ছবিতে যশের অভিনয় বিশেষভাবে নজর কেড়েছে। রাবণ হিসেবে তাঁর চরিত্রায়ণ বর্তমানে দর্শক ও সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রে। দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার পর আয়ের গতি কিছুটা শ্লথ হলেও আন্তর্জাতিক ও দেশীয় বক্সঅফিসে নতুন রেকর্ড গড়ার পথে এগিয়ে চলেছে ‘রামায়ণ’।

স্যাকনিল্ক (Sacnilk)-এর পরিসংখ্যান অনুযায়ী, ১৪তম দিনে অর্থাৎ ১৮ নভেম্বর সব ভাষা মিলিয়ে ‘রামায়ণ’ আয় করেছে ২৩.২০ কোটি টাকা। ২১ হাজার ২১৫টি শো থেকে ভারতের বক্সঅফিসে ছবিটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ৮৪৪.৪০ কোটি টাকায়, আর গ্রস সংগ্রহ ১০০৯.০৫ কোটি টাকা। এর ফলে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’-এর ভারতের লাইফটাইম নেট কালেকশন (৮৪০.২০ কোটি টাকা) এবং গ্রস কালেকশন (১০০৭.৮৫ কোটি টাকা)—উভয় রেকর্ডকেই ছাপিয়ে গিয়েছে ‘রামায়ণ’। তবে গত মার্চে মুক্তি পাওয়া সিক্যুয়েল ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর আয়ের গণ্ডি ছোঁয়া এখনও বাকি।

বিশ্ববাজারেও দাপট দেখাচ্ছে ছবিটি। ১৩ দিনে বিশ্বজুড়ে ‘রামায়ণ’ সংগ্রহ করেছে ১৪৮৩.১০ কোটি টাকা। ১৪তম দিনে এই আয় ১৫০০ কোটি টাকার মাইলফলক পেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, যার মধ্যে বিদেশের বাজার থেকেই বড় অঙ্কের আয় আসছে।

ছবির সাফল্য প্রসঙ্গে প্রযোজক নমিত মালহোত্রা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পরিচিত গল্প হলেও এটি এমন এক বিশাল ও জমকালো ক্যানভাসে তৈরি করা হয়েছে, যা দর্শক আগে দেখেননি। ‘অ্যাভাটার’ বা ‘অ্যাভেঞ্জার্স’-এর মতো বিশ্বমানের মহাকাব্যিক অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। ‘ধুরন্ধর’-কে পেছনে ফেলার পর ‘রামায়ণ’ কবে ‘ধুরন্ধর ২’-এর রেকর্ড ছাপিয়ে যায়, এখন সেদিকেই তাকিয়ে বক্সঅফিস বিশ্লেষকরা।