ওষুধের ঘাটতি নিয়ে মুখ খোলায় কোপ? ৮ ইন্টার্নকে শো-কজ ঘিরে তুলকালাম কলকাতা মেডিক্যাল কলেজে!

চোরবাগান কাণ্ডে আট জন জুনিয়র চিকিৎসককে শো-কজ নোটিস ধরানোর প্রতিবাদে বুধবার রণক্ষেত্রের চেহারা নিল কলকাতা মেডিক্যাল কলেজ চত্বর। নোটিস প্রত্যাহারের দাবিতে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের ঘরের সামনে বিক্ষোভ দেখিয়ে তাঁকে ঘেরাও করেন ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকদের একাংশ। আন্দোলনকারীদের অভিযোগ, কোনো রকম প্রাথমিক তদন্ত ছাড়াই স্রেফ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে।

এদিন কলেজ কাউন্সিলের বৈঠকে প্রাথমিকভাবে শো-কজ প্রত্যাহার এবং পৃথক তদন্তের আশ্বাস দেওয়া হলেও, পরে রহস্যজনকভাবে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন কর্তৃপক্ষ। এরই মাঝে অধ্যক্ষের দফতরের সামনে এবিভিপি এবং ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশন (এনএমও)-এর সমর্থকেরা জড়ো হলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিযোগ, বহিরাগত ও ওই সংগঠনের সমর্থকেরা আন্দোলনকারী চিকিৎসকদের ওপর লাঠি ও পাথর নিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন ইন্টার্ন আহত হন।

ঘটনার সূত্রপাত চোরবাগান কাণ্ডের দিন হাসপাতালে জীবনদায়ী ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের চরম ঘাটতি নিয়ে চিকিৎসকদের সরব হওয়া থেকে। আন্দোলনকারীদের দাবি, সার্জারি, গাইনি এবং জরুরি বিভাগে প্রয়োজনীয় সামগ্রী না থাকায় সাধারণ অস্ত্রোপচারের জন্যও রোগীদের বাইরে থেকে প্রায় ১০ হাজার টাকার সরঞ্জাম কিনতে হচ্ছে। এমনকি ইডেন ওটিতে কটারি এবং প্রসব-পরবর্তী রক্তক্ষরণ রোখার অত্যন্ত জরুরি মিসোপ্রোস্টল ট্যাবলেটও অমিল। রোগীদের স্বার্থে এই পরিকাঠামোগত অভাবের প্রমাণপত্র জমা দেওয়ায় উল্টে আট ইন্টার্নকে শো-কজ করা হয় বলে অভিযোগ। এদিন লিখিত আশ্বাসের অপেক্ষায় চিকিৎসকেরা বসে থাকলে অধ্যক্ষ ও এমএসভিপি জানান, ঊর্ধ্বতন মহলের ফোন আসায় আগের সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব নয়।

এরপরই অধ্যক্ষের ঘরের বাইরে এবিভিপির রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য-সহ প্রায় শ’খানেক মানুষ জড়ো হন। ভিডিয়ো করা নিয়ে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, বাঁশ দিয়ে কোলাপসিবল গেটের তালা ভাঙার চেষ্টা ও করিডরের কাচ ভাঙচুর করা হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। যদিও হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে নীলকণ্ঠ ভট্টাচার্যের পাল্টা দাবি, অধ্যক্ষকে ঘেরাওয়ের খবর পেয়ে তাঁরা গিয়েছিলেন এবং উল্টে তাঁদের উপরেই হামলা চালানো হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জয়েন্ট ডক্টরস ফ্রন্ট (জেডিএফ)। শো-কজ প্রত্যাহার, ওষুধের ঘাটতির তালিকা প্রকাশ ও হামলাকারীদের বিরুদ্ধে এফআইআরের দাবিতে অনড় চিকিৎসকেরা। লিখিত আশ্বাস না মেলায় বৃহস্পতিবার দুপুর দুটোয় কলকাতা মেডিক্যাল কলেজে বৃহত্তর জমায়েত ও স্মারকলিপি জমা দেওয়ার ডাক দিয়েছে জেডিএফ।