শিক্ষক নিয়োগের আগে স্কুল সার্ভিস কমিশনে বিরাট রদবদল! ৫ আঞ্চলিক কমিশনের দায়িত্বে সরাসরি ডব্লিউবিসিএস আধিকারিকরা

আসন্ন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও বিতরমুক্ত রাখতে স্কুল শিক্ষা দফতর এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এক বড়সড় পদক্ষেপ করা হলো। স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের রদবদল এনে রাজ্যের পাঁচটি আঞ্চলিক কমিশনের চেয়ারম্যান-ইন-চার্জের দায়িত্ব তুলে দেওয়া হলো পাঁচ অভিজ্ঞ ডব্লিউবিসিএস (WBCS) আধিকারিকের হাতে।

অতীতে তৃণমূল জমানায় আঞ্চলিক কমিশনগুলির চেয়ারম্যান বা প্রধান পদে সাধারণত শিক্ষাজগতের ব্যক্তিত্ব, অধ্যাপক কিংবা শাসকদল ঘনিষ্ঠ ব্যক্তিদেরই নিয়োগ করা হতো। কিন্তু গত জুন মাসে পাঁচ আঞ্চলিক কমিশনের চেয়ারম্যানদের পদত্যাগের পর যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, তা কাটাতে সাময়িকভাবে জেলা স্কুল পরিদর্শকদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই অস্থায়ী বন্দোবস্ত থেকে সরে এসে এবার প্রশাসনিক নিয়ন্ত্রণ পোক্ত করতে নবান্ন সরাসরি সরকারি আমলাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সঁপে দিল।

কোন অঞ্চলে দায়িত্ব পেলেন কে?

  • মালদা: প্রলয় রায়চৌধুরী

  • বাঁকুড়া: মিঠু সরকার

  • বর্ধমান: পূর্ণিমা দে

  • কলকাতা: কাসবেরী ঘোষ

  • বারাসত: শ্রাবন্তী দাস

চলতি বছরের গত ১ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই প্রশাসনিক পরিবর্তনের রূপরেখা স্পষ্ট করা হয়েছিল। এর আগে সচিব পদেও ডব্লিউবিসিএস আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছিল। শিক্ষক নিয়োগ নিয়ে অতীতে একাধিক আইনি জটিলতা ও বিতর্কের মুখোমুখি হওয়া কমিশন এবার স্বচ্ছতা বজায় রাখতে এবং নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে শীর্ষ স্তরে আমলা নির্ভর প্রশাসনিক মডেলের ওপরই ভরসা রাখছে। রাজনৈতিক মহলের মতে, নিয়োগের আগে এই বড় রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।