লক্ষ লক্ষ শিশুর হাতে স্পেসএক্স-এর শেয়ার! মাস্কের প্রতিশ্রুতির পর নতুন ঘোষণা সংস্থার

আমেরিকান শিশুদের দীর্ঘমেয়াদী সঞ্চয় ও বিনিয়োগের সঙ্গে যুক্ত করতে বড়সড় উদ্যোগ ঘোষণা করল ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। প্রতিটি সক্রিয় ট্রাম্প অ্যাকাউন্টে কোম্পানির ক্লাস এ কমন স্টকের একটি করে নতুন শেয়ার দেবে স্পেসএক্স। এর ফলে লক্ষ লক্ষ আমেরিকান শিশু দীর্ঘমেয়াদী সঞ্চয় গড়ে তোলার পাশাপাশি কোম্পানির শেয়ারের মালিক হওয়ার সুযোগ পাবে।
মাস্ক ও শটওয়েলের ব্যক্তিগত অবদান
পরবর্তী প্রজন্মের কাছে স্পেসএক্স-এর মালিকানা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই ঘোষণা করা হয়েছে। বুধবার বাজার বন্ধ হওয়ার সময় স্পেসএক্স-এর শেয়ার ১২৭ ডলারে লেনদেন হচ্ছিল।
এই উদ্যোগে সংস্থাটির পাশাপাশি শীর্ষ নেতৃত্বও ব্যক্তিগতভাবে শেয়ার দান করার কথা জানিয়েছেন। স্পেসএক্স-এর সিইও ইলন মাস্ক কোম্পানির দান করা শেয়ারের সমপরিমাণ শেয়ার ব্যক্তিগতভাবে দেবেন। উল্লেখ্য, গত অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমেরিকার প্রতিটি শিশুকে একটি করে স্পেসএক্স শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাস্ক।
অন্যদিকে, স্পেসএক্স-এর প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার গুইন শটওয়েলও পরবর্তী প্রজন্মের প্রতি নিজের অঙ্গীকারের অংশ হিসেবে ব্যক্তিগতভাবে ২০ লক্ষেরও বেশি স্পেসএক্স শেয়ার দান করার ঘোষণা দিয়েছেন।
স্পেসএক্স কী বলছে?
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে স্পেসএক্স জানিয়েছে, ভবিষ্যতের অবকাঠামো গড়ে তোলা একটি কোম্পানির অংশীদারিত্ব পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করা উচিত। সংস্থার মতে, এতে শিশুরা আরও উন্নত ভবিষ্যৎ নির্মাণে অংশীদার হতে পারবে এবং দীর্ঘমেয়াদে উপকৃত হবে।
ভবিষ্যতের অবকাঠামোগত কাজ এবং জীবনকে বহুগ্রহীয় করার লক্ষ্যের কথাও তুলে ধরেছে স্পেসএক্স। এই পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি সক্রিয় ট্রাম্প অ্যাকাউন্টের জন্য একটি করে নতুন ক্লাস এ সাধারণ স্টক ইস্যু করবে সংস্থা, যার সমপরিমাণ শেয়ার ব্যক্তিগতভাবে দেবেন মাস্ক এবং ২০ লক্ষেরও বেশি শেয়ার দেবেন শটওয়েল।