বাগদানের পর এবার বিয়ের সানাই! প্রেমিক সুচেতকের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করছেন অভিনেত্রী তানিয়া মুখার্জি

চলতি বছর ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে-তে প্রেমিক সুচেতক করের সঙ্গে বাগদান সেরেছিলেন অভিনেত্রী তানিয়া মুখার্জি। সমুদ্র সৈকতে আংটি বদল করেছিলেন তাঁরা। একসঙ্গে কাটানো সেই বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন তানিয়া ও সুচেতক। সমুদ্রের পাড়ে যেন রূপকথার মতোই সাজানো ছিল তাঁদের সেই দিনটি। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা।
নিজেদের প্রি-ওয়েডিংয়ের ছবি ভাগ করে সোশ্যাল মিডিয়ায় তানিয়া লিখেছেন, “শুরু হতে চলেছে।” তাঁদের প্রি-ওয়েডিং ফটোশুটে ফুটে উঠেছে ছিমছাম বাঙালিয়ানা। জানা যাচ্ছে, চলতি বছরের শেষেই সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা এবং বিয়ের প্রস্তুতিও প্রায় শেষের পথে।
এর আগে নিজেদের বাগদানের রোমান্টিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে তানিয়া লিখেছিলেন, “স্বপ্ন তো অনেকেই দেখে, কিন্তু আমি সেই স্বপ্নে তোমাকে চাই।” তানিয়া ও সুচেতক অনেকদিন ধরেই সম্পর্কে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবি দেখে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়েছেন দর্শক থেকে নেটিজেনরাও। দীর্ঘদিনের সেই সম্পর্ক এবার বিয়ের মাধ্যমে পরিণতি পেতে চলেছে। তবে ঠিক কবে তাঁরা বিয়ের পিঁড়িতে বসছেন, তা এখনও প্রকাশ্যে আসেনি।
প্রসঙ্গত, তানিয়াকে দর্শক শেষবার দেখেছিলেন স্টার জলসার ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’-তে। ওই ধারাবাহিকে তানিয়ার চরিত্রের নাম ছিল ইনকা। মুখ্য খলনায়িকার চরিত্রে তিনি দর্শকমহলে বেশ পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছিলেন। ঝাঁপি ও দীপের জীবনে ইনকার নানা চক্রান্ত দেখতে আগ্রহী থাকতেন দর্শকরা। পর্দায় খল চরিত্রে অভিনয় করলেও বাস্তবে যে তিনি একেবারেই আলাদা, তা বরাবরই স্পষ্ট। এর আগে জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকেও খলনায়িকার চরিত্রে নজর কেড়েছিলেন তানিয়া। তাঁর অভিনয় বরাবরই প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। ‘লক্ষ্মী ঝাঁপি’ শেষ হওয়ার পর এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী।