দগদগে ২৬/১১-এর স্মৃতি! মুম্বই হামলার বীরদের আত্মত্যাগ স্মরণ রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির, দেশজুড়ে শ্রদ্ধার্ঘ্য

প্রায় দু’দশক কেটে গেলেও ২০০৮ সালের ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার স্মৃতি আজও দগদগে। এই হামলার মোকাবিলায় যাঁরা অকুতোভয় সাহসিকতা দেখিয়েছিলেন, সেই নিরাপত্তারক্ষী ও শহিদদের স্যালুট জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২৬/১১ মুম্বই হামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। পাশাপাশি দেশের অন্যান্য নেতা ও মন্ত্রীরাও এই দিনটি নিয়ে আবেগঘন পোস্ট করেছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লিখেছেন, “২৬/১১ মুম্বই হামলার বার্ষিকীতে যে নিরপরাধ মানুষগুলি প্রাণ হারিয়েছিলেন, তাঁদের স্মৃতিতে মাথানত করছি। আমাদের সাহসী সৈনিক, নিরাপত্তারক্ষী এবং আরও যাঁরা অকুতোভয় হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তাঁদের স্যালুট করছি। তাঁদের আত্মবলিদান এবং আত্মোৎসর্গ চিরকাল দেশের আত্মায় খচিত থাকবে। সন্ত্রাসবাদ হয়তো জীবন তছনছ করে দিতে পারে, কিন্তু কখনও সাহসিকতা, সহানুভূতি এবং সহনশীলতার দ্বারা ঐক্যবদ্ধ একটি দেশের উৎসাহকে ভাঙতে পারবে না। আজ আমরা ওই হামলা থেকে বেঁচে যাওয়া মানুষ এবং তাঁদের পরিবারের সঙ্গে দাঁড়িয়ে আছি, সন্ত্রাসবাদের সকল রূপ নির্মূল করার এবং আরও শান্তিপূর্ণ ও মানবিক বিশ্বের দিকে কাজ করার আমাদের সম্মিলিত সংকল্প পুনর্ব্যক্ত করছি।”

২০০৮ সালের ২৬ নভেম্বর লস্কর-ই-তইবার ১০ জন জঙ্গি আরব সাগরপথে মুম্বইয়ে ঢুকে পড়ে। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেল স্টেশন থেকে শুরু করে তাজ মহল প্যালেস হোটেলসহ শহরের একাধিক জায়গায় ছড়িয়ে পড়ে হামলাকারীরা। প্রায় ৬০ ঘণ্টা ধরে অবরুদ্ধ ছিল বাণিজ্যনগরী। ওই নারকীয় ঘটনায় ১৮ জন নিরাপত্তারক্ষীসহ মোট ১৬৬ জনের মৃত্যু হয়।

এই দিনটি স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ। তিনি লিখেছেন, “মুম্বইয়ে ২৬/১১-এর কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার এই বার্ষিকীতে প্রাণ হারানো নিরপরাধ মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একই সঙ্গে আমাদের দেশের সুরক্ষায় বীরত্বের সঙ্গে লড়াই করা নিরাপত্তাবাহিনীর সদস্যদের অসামান্য সাহস ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি জানাই সশ্রদ্ধ অভিবাদন।”

তিনি আরও লেখেন, “সন্ত্রাসবাদের যেকোনও রূপ ও প্রকাশের বিরুদ্ধে জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার নীতিতে ভারত অবিচল। যারা এই হামলার জন্য দায়ী, তাদের বিচারের আওতায় নিয়ে আসার বিষয়েও ভারত দৃঢ়প্রতিজ্ঞ। সন্ত্রাসবাদকে পরাজিত করে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার সংকল্পে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ।”