ভারতে কি স্ট্রিম হবে ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’? বিতর্কের মাঝেই নেটফ্লিক্সকে পুরনো অবস্থান মনে করাল মন্ত্রক

নেটফ্লিক্সে মুক্তির আগেই পাকিস্তানি ওয়েব সিরিজ ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ ভারতে নিষিদ্ধ করার দাবি এবং কূটনৈতিক টানাপোড়েনকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। গত ২৪ নভেম্বর সিরিজটির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই এই বিতর্ক জোরালো হয়। এবার সরকারি সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান থেকে তৈরি কোনো কনটেন্ট যেন ভারতে দেখানো না হয়, তা নেটফ্লিক্সকে নিশ্চিত করতে বলেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

পাকিস্তানি ওয়েব সিরিজ ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ ভারতে মুক্তি পেতে পারে, এমন আশঙ্কার প্রেক্ষিতে বেশ কিছু অভিযোগ ও আবেদন পাওয়ার পরই তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই নির্দেশ দিয়েছে। সূত্র জানিয়েছে, মন্ত্রক নেটফ্লিক্সকে ২০২৫ সালের ৮ মে-এর পরামর্শপত্র মেনে চলতে বলেছে এবং পাকিস্তান থেকে আসা কোনো কনটেন্ট যাতে ভারতে উপলব্ধ না থাকে, তা নিশ্চিত করার কথা জানিয়েছে।

গত বছরের জুন মাসে নেটফ্লিক্স মন্ত্রককে জানিয়েছিল যে, তারা পাকিস্তান থেকে তৈরি কোনো সিনেমা বা সিরিজ ভারতের গ্রাহকদের জন্য উপলব্ধ করেনি। মন্ত্রক নেটফ্লিক্সকে সেই প্রতিশ্রুতি মেনে চলতে এবং সেই সময়ে নেওয়া অবস্থান বজায় রাখতে বলেছে। গত মঙ্গলবার এই ওয়েব সিরিজটির ট্রেলার প্রকাশ্যে আসে এবং ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে সিরিজটি মুক্তি পাওয়ার কথা ছিল।

কিছুদিন আগেই অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) এবং ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ভারতে সিরিজটির মুক্তি নিষিদ্ধ করার দাবি জানায়। পুলওয়ামা ও পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রেক্ষাপট তুলে ধরে এআইসিডব্লিউএ জানিয়েছে, ভারতে পাকিস্তানি শিল্পী ও কনটেন্ট প্রচার করা জাতীয় নিরাপত্তা ও জনভাবনার পরিপন্থী। তারা নেটফ্লিক্স অফিস ঘেরাও এবং ভারতে নেটফ্লিক্সের অন্যান্য প্রজেক্টের শুটিং বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিল।

এআইসিডব্লিউএ-এর বিবৃতিতে সিরিজটির অন্যতম অভিনেতা হামজা আলি আব্বাসিকে নেটফ্লিক্সে কাজ দেওয়ার তীব্র বিরোধিতা করা হয়েছে। সংগঠনটির অভিযোগ, অতীতে তিনি লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের সমর্থনে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন। একাধিক অভিযোগ পাওয়ার পর ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক নেটফ্লিক্স ইন্ডিয়াকে ২০২৫ সালের ৮ মে জারি করা নির্দেশিকা মেনে চলার নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ পাকিস্তানের জনপ্রিয় লেখিকা ফারহাত ইশতিয়াকের একটি সমাদৃত উর্দু উপন্যাস। সেই কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ। মোমিনা দুরাইদের পরিচালনায় এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ফওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, হানিয়া আমির ও মায়া আলিসহ আরও অনেকে।