রোজভ্যালির আমানতকারীদের জন্য বিরাট স্বস্তি! ৫৫০ কোটি টাকা ফেরতের কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

রোজভ্যালি চিটফান্ড কান্ডে বহু দিন ধরে আটকে থাকা টাকা ফেরতের দাবিতে আশার আলো দেখছেন আমানতকারীরা। রাজ্যের ৩২.৪৩ লক্ষ আমানতকারীর মধ্যে মোট ৫৫০ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এই টাকা মিটিয়ে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। চিটফান্ড মামলায় আমানতকারীদের জমানো টাকা ফেরানোর প্রক্রিয়ায় এত দিন ধরে চলা ঢিলেমি নিয়ে এ দিন তীব্র অসন্তোষ প্রকাশ করে আদালত।

সময়সীমা বেঁধে দিল আদালত

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রোজভ্যালির আর্থিক লেনদেন সংক্রান্ত ফরেনসিক অডিটের কাজ সম্পূর্ণ করতে হবে ‘Serious Fraud Investigation Office’ বা SFIO-কে। একই সঙ্গে অ্যাসেট ডিসপোজাল কমিটি বা ADC-র কাজের স্বচ্ছতা নিয়েও কড়া অবস্থান নিয়েছে আদালত। আগামী ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এডিসি (ADC)-কে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত ওই সময়ের পর রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর দায়িত্ব এসপি তালুকদার কমিটির হাতে সমর্পণ করা হবে, যে কমিটি বর্তমানে মোট ১০৩টি চিটফান্ডের আমানতকারীদের টাকা ফেরানোর দায়িত্ব সামলাচ্ছে।

আদালতের এই মেড়ে দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে টাকা ফেরানোর প্রক্রিয়া সম্পূর্ণ হলে বহু সাধারণ মানুষের দীর্ঘদিনের দুশ্চিন্তা দূর হবে বলেই মনে করা হচ্ছে। এখন নজর থাকবে নির্ধারিত ডেডলাইনের মধ্যে এই নির্দেশ কতটা কার্যকর হয় সেদিকেই।