রেলের জরুরি কাজের জেরে স্তব্ধ হতে চলেছে ট্রেন চলাচল! কোন কোন ট্রেন বাতিল? দেখে নিন তালিকা

রেলপথের সিগন্যাল ও রক্ষণাবেক্ষণের কাজের জেরে আগামী ৪ অক্টোবর হাওড়া ডিভিশনে বড়সড় ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। আদি সপ্তগ্রাম স্টেশন সংলগ্ন ১২ নম্বর লেভেল ক্রসিং গেট খোলা ও বন্ধ করার আধুনিকীকরণ ও সিগন্যাল মেইনটেন্যান্সের কাজের জন্য এই কড়াকড়ি। রেল সূত্রে জানানো হয়েছে, আগামী ৪ অক্টোবর দুপুর ১২টা ১০ মিনিট থেকে দুপুর ২টো ১০ মিনিট পর্যন্ত—টানা ১২০ মিনিট ট্রাফিক ব্লক রাখা হবে। আর এই দু’ঘণ্টার বিশেষ ব্লকের কারণেই ওই দিন একাধিক লোকাল, মেমু ও এক্সপ্রেস ট্রেন বাতিল করার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ট্রেনের সময়সূচিতেও বড় পরিবর্তন আনা হয়েছে।

রেল দপ্তরের প্রকাশিত তালিকা অনুযায়ী, ৪ ও ৫ অক্টোবর বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল থাকবে। এর মধ্যে ৪ অক্টোবর ছাড়ার কথা থাকা ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস এবং ৫ অক্টোবর ছাড়ার কথা থাকা ১৩০৩২ জয়নগর-হাওড়া এক্সপ্রেস সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এছাড়া ৪ অক্টোবর ৬৩১৪১ শিয়ালদহ-গোড্ডা মেমু এবং ৫ অক্টোবর ৬৩১৪২ গোড্ডা-শিয়ালদহ মেমু ট্রেনটিও চলাচল করবে না।

ইএমইউ (EMU) লোকাল ট্রেনের ক্ষেত্রেও বড় প্রভাব পড়েছে। আগামী ৪ অক্টোবর বর্ধমান শাখা থেকে ৩৭৮৩১, ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩১১৫২ এবং ৩৭৮৩৮ নম্বর লোকাল বাতিল করা হয়েছে। পাণ্ডুয়া থেকে ৩৭৬১৪ নম্বর লোকাল এবং মেমারি থেকে ৩৭৬৫২ ও ৩৭৬৫৬ নম্বর লোকাল ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি হাওড়া থেকে ৩৭৮২৫, ৩৭৮২৭, ৩৭৬১১, ৩৭৮২৯, ৩৭৮৩৯, ৩৭৬৫১ ও ৩৭৬৫৫ নম্বর লোকাল এবং শিয়ালদহ থেকে ৩১১৫১ নম্বর লোকাল ট্রেনটিও ওই দিন চলবে না।

শুধু বাতিলই নয়, ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। ৪ অক্টোবর ৩০২৮ আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেসের ছাড়ার সময় ৯০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। ট্রেনটি সকাল ৮টা ১০ মিনিটের পরিবর্তে নির্দিষ্ট দিনে ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে। রেল কর্তৃপক্ষের এই রক্ষণাবেক্ষণের কাজের ফলে সাময়িকভাবে যাত্রীদের যাতায়াতে কিছুটা অসুবিধা হতে পারে, তাই যাত্রীদের সুবিধার্থে ট্রেনগুলির পরিবর্তিত সময় ও বাতিলের তালিকা ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।