রেকর্ড ভাঙল সরকারি ব্যাঙ্কগুলি! মাত্র ৬ মাসের মধ্যে আয় ছাড়াল ১.১০ লক্ষ কোটি টাকা, জানলে চোখ কপালে উঠবে

ব্যাঙ্কিং সেক্টরে এক ঐতিহাসিক সাফল্যের নজির গড়ল দেশের সরকারি খাতের ব্যাঙ্কগুলি। চলতি অর্থবর্ষের প্রথম ৬ মাসেই (এপ্রিল-সেপ্টেম্বর) রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মোট নিট মুনাফা ১৬.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.১০ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। শুধু মুনাফাই নয়, এই একই সময়ে ব্যাংকগুলির মোট ব্যবসার পরিমাণ প্রথমবারের মতো ৩০০ লক্ষ কোটি টাকার ঐতিহাসিক গণ্ডি অতিক্রম করে দাঁড়িয়েছে ৩০১.৬ লক্ষ কোটি টাকায়। বুধবার অর্থ মন্ত্রকের প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এই চাঞ্চল্যকর ও ইতিবাচক তথ্য সামনে এসেছে।

অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনার এই অগ্রগতি অভূতপূর্ব। শুধু ব্যবসার প্রসার বা মুনাফা বৃদ্ধিই নয়, ব্যাঙ্কিং ব্যবস্থার আর্থিক স্বাস্থ্যও যে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে, তা স্পষ্ট হয়ে উঠেছে ব্যাঙ্কগুলির মূলধন-ঝুঁকি-ভারিত সম্পদ অনুপাত (CRAR) দেখে। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই অনুপাত দাঁড়িয়েছে ১৬.৮৯%-এ, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৯৩ বেসিস পয়েন্ট বেশি।

পাশাপাশি, ব্যাঙ্কগুলির আর্থিক স্থায়িত্বের আরও একটি বড় সূচক—মোট অনুৎপাদনশীল সম্পদ বা গ্রস এনপিএ (GNPA)-এর অনুপাতও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সমস্ত সূচকে এমন ইতিবাচক উন্নতির ফলে দেশের আর্থিক অর্থনীতি এবং সাধারণ গ্রাহকদের আস্থা যে আরও সুদৃঢ় হবে, তা বলাই বাহুল্য।