প্রেমিকাকে আর্থিকভাবে সাহায্য করতে গিয়ে ভয়ংকর কাণ্ড! তানিশক শোরুম থেকে ১২ কেজি সোনা-হীরে লুট করল জনপ্রিয় ইউটিউবার

তামিলনাড়ুর মাদুরাইতে একটি বিখ্যাত তানিশক (Tanishq) গয়নার শোরুম থেকে কোটি কোটি টাকার সোনা ও হীরে লুটের ঘটনায় সারা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে। অবশেষে এই হাই-প্রোফাইল চুরির কিনারা করে মূল অভিযুক্ত এস. নিশান্ত (২৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। পেশায় ইউটিউবার এবং বাইক ট্যাক্সি চালক নিশান্ত তার প্রেমিকা তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মীনাক্ষীকে আর্থিকভাবে সাহায্য করার জন্যই এই দুঃসাহসিক অপরাধের ছক কষেছিলেন বলে পুলিশি তদন্তে উঠে এসেছে। অভিযানে নেমে অভিযুক্তের কাছ থেকে প্রায় ১১.৯ কিলোগ্রাম চোরাই সোনা ও হীরের গয়না উদ্ধার করেছে পুলিশ।
কীভাবে ঘটানো হয়েছিল এই লুট?
ঘটনার সূত্রপাত গত ১২ নভেম্বর। মাদুরাইয়ের একটি নতুন তানিশক শোরুমে হানা দিয়ে কোটি কোটি টাকার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। শুরুর দিকে এই মামলার কিনারা করা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তবে সিসিটিভি ফুটেজ এবং আধুনিক প্রযুক্তিগত তদন্তের সূত্র ধরে শেষ পর্যন্ত মূল অভিযুক্ত হিসেবে এস. নিশান্তকে শনাক্ত করতে সক্ষম হন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, ডাকাতি করার আগে রীতিমতো আটঘাট বেঁধে নেমেছিল নিশান্ত। সাধারণ ক্রেতা সেজে সে মোট তিনবার ওই শোরুমে গিয়েছিল এবং ভেতরের নকশা, নিরাপত্তা ব্যবস্থা ও প্রবেশপথ সম্পর্কে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেছিল।
কে এই এস. নিশান্ত?
মাদুরাইয়ের পালাঙ্গানাথাম এলাকার আরুথাপুরেম জ্যোতি নগরের বাসিন্দা এস. নিশান্ত সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ। ইউটিউবে তাঁর প্রায় ৫০ হাজার সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে ১ লক্ষ ৫৫ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। ভিডিও তৈরির পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য তিনি বাইক ট্যাক্সিও চালাতেন। পুলিশের রেকর্ড অনুযায়ী, নিশান্তের আগেও অপরাধমূলক ইতিহাস রয়েছে; ২০২৩ সালে একটি পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।
গ্রেফতার প্রেমিকা ও বাবাও
তদন্তে নেমে নিশান্তের প্রেমিকা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মীনাক্ষীর জড়িত থাকার বিষয়টিও সামনে আসে। প্রেমিকাকে আর্থিক সংকট থেকে বের করে আনতেই নিশান্ত এই চুরির পথ বেছে নিয়েছিল বলে পুলিশের দাবি। এই ঘটনায় মূল অভিযুক্ত নিশান্তের পাশাপাশি তাঁর প্রেমিকা মীনাক্ষী এবং বাবা সুরেশকেও গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে চুরির পর প্রমাণ লোপাট করা এবং অপরাধে মদত দেওয়ার গুরুতর অভিযোগ আনা হয়েছে। পুরো ষড়যন্ত্রে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।