এক নারীর একাধিক স্বামী আর বনের পশুপাখির সঙ্গে আজব সখ্য! আমাজনের এই রহস্যময় উপজাতিকে চেনেন?

ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের গহন অরণ্য থেকে সম্প্রতি এমন এক ঘটনা সামনে এসেছে, যা বিশ্বজুড়ে গবেষক ও সাধারণ মানুষকে হতবাক করে দিয়েছে। আধুনিক সভ্যতার আলো থেকে বহু দূরে, একরকম বিচ্ছিন্ন জীবন কাটানো ‘আওয়া’ (Awa) উপজাতির প্রায় ২০ জন সদস্য হঠাৎ করেই জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। পুরুষ, নারী ও শিশুদের নিয়ে গঠিত এই দলটির হাতে ছিল সুউচ্চ ধনুক ও লম্বা তীর। গত ১৬ নভেম্বর ব্রাজিলের মারানহাও রাজ্যে অবস্থিত আরারিবোইয়া আদিবাসী অঞ্চলের তাওয়ারি গ্রাম এবং একটি সরকারি পর্যবেক্ষণ চৌকির কাছাকাছি এসে উপস্থিত হন তাঁরা।

সরকারি চৌকির সামনে এসে আওয়া সম্প্রদায়ের ওই সদস্যরা খাবার হিসেবে কন্দ জাতীয় সবজি এবং মিষ্টি আলু বা ইয়াম (Yam) চান। সেখান থেকে খাবার পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা তা সংগ্রহ করে আবার গভীর জঙ্গলে ফিরে যান। আদিবাসী অধিকার রক্ষা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ‘সারভাইভাল ইন্টারন্যাশনাল’-এর মতে, আধুনিক যুগে আওয়া সম্প্রদায়ের মানুষের এমন প্রকাশ্যে জনসমক্ষে চলে আসার ঘটনা অত্যন্ত বিরল এবং নজিরবিহীন।

কারা এই আওয়া উপজাতি?

ব্রাজিলের আমাজন বৃষ্টিপ্রধান অরণ্যের অন্যতম প্রাচীন ও বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী হলো এই আওয়া সম্প্রদায়। বহির্বিশ্বের মানুষের সঙ্গে এদের নিয়মিত কোনো যোগাযোগ নেই বললেই চলে। জঙ্গলই এদের একমাত্র ঠিকানা এবং বেঁচে থাকার সব রসদ জোগায় প্রকৃতি। বন থেকে শিকার করা, নদী বা খালে মাছ ধরা এবং ফলমূল ও গাছের শেকড় সংগ্রহ করেই এরা জীবনধারণ করে। আধুনিক সমাজের বাজার বা কোনো ধরনের সুযোগ-সুবিধার সঙ্গে এদের দূরতম কোনো সম্পর্ক নেই। এর পাশাপাশি, এদের সমাজব্যবস্থা ও জীবনযাত্রার নানা অদ্ভুত রীতি—যেমন বন্য পশুদের সঙ্গে গভীর মিতালি কিংবা বহুস্বামী প্রথার মতো সামাজিক প্রথা নিয়ে সারা বিশ্বেই রয়েছে গভীর কৌতূহল।