রাহুলের পর এবার তেজস্বীর সভায় গালিগালাজ, প্রধানমন্ত্রীর মাকে নিয়ে চরম কটাক্ষ, তারপর…

বিহার বিধানসভা নির্বাচনের আগে আবারও রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদিকে ঘিরে। এবার আরজেডি নেতা তেজস্বী যাদবের সভা থেকে তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, তেজস্বীর উপস্থিতিতেই তাঁর কর্মীরা এই কাজটি করেছে এবং তিনি এর প্রতিবাদ না করে উল্টো তাদের উৎসাহিত করেছেন। এই অভিযোগ ঘিরেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

ভিডিও প্রকাশ্যে আনল বিজেপি
বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। তার দাবি অনুযায়ী, এই ভিডিওতে দেখা যাচ্ছে তেজস্বীর সভায় আরজেডি সমর্থকরা হীরাবেন মোদিকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করছে। সম্রাট আরও অভিযোগ করেন, তেজস্বী যাদব সেই মুহূর্তে উপস্থিত থাকলেও কোনো আপত্তি জানাননি। বরং হাততালি দিয়ে ও হাসিমুখে পরিস্থিতিকে উৎসাহিত করেছেন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিজেপি নেতৃত্ব তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বিজেপির একাধিক নেতা ভিডিওটি রি-পোস্ট করে তেজস্বী যাদবকে আক্রমণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, “তেজস্বী কালিয়ানাগের মতো বিষ ছড়াচ্ছে। কংসের পরিণতি যেমন হয়েছিল, বিহারের মানুষ ভোটের মাধ্যমে তেমনই জবাব দেবে।”

অভিযোগ ও পাল্টা অভিযোগ
এর আগেও রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’ চলাকালীনও প্রধানমন্ত্রীর মাকে নিয়ে গালিগালাজ করার অভিযোগ উঠেছিল। যদিও সেবার সভাস্থলে কংগ্রেসের কোনো নেতৃত্বস্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন না। কিন্তু এবারের ঘটনায় অভিযোগ উঠছে, তেজস্বী যাদব নিজে উপস্থিত থেকে এই অশালীন মন্তব্যকে সমর্থন করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনাকে বিজেপি বড় ইস্যু করে তুলতে পারে। কারণ এর আগেও একই ধরনের ঘটনাকে কেন্দ্র করে বিহারে বনধের ডাক দিয়েছিল গেরুয়া শিবির। তবে আরজেডি এই অভিযোগকে ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, সভায় যারা এই মন্তব্য করেছে, তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। আরজেডি নেতাদের মতে, বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতেই এই ঘটনার পেছনে নোংরা খেলা খেলছে।