রামমন্দিরে পেশাদার যুগের সূচনা! প্রথম সিইও পদে বসলেন প্রাক্তন এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র

অযোধ্যার রামমন্দির পরিচালনাকারী শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে এল বড় প্রশাসনিক পরিবর্তন। বুধবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠকে ট্রাস্টের প্রথম চিফ এগজিকিউটিভ অফিসার বা সিইও হিসেবে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।

শুধু সিইও নিয়োগই নয়, এদিন ১২ দফা এজেন্ডা নিয়ে চলা বৈঠকে ট্রাস্টের গঠনতন্ত্র বা ডিডে সংশোধনী আনার বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। প্রস্তাবিত এই সংশোধনীর মাধ্যমে নবনিযুক্ত সিইও-র সুনির্দিষ্ট দায়িত্ব, প্রশাসনিক ক্ষমতা এবং কাজের পরিধি স্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হলো। ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি ট্রাস্ট গঠনের পর এই প্রথম তাদের গঠনতন্ত্রে সংশোধনী আনার বড় উদ্যোগ নেওয়া হলো। অন্যদিকে, মন্দিরে ভক্তদের দান ও অনুদান সংগ্রহে অনিয়মের অভিযোগ ঘিরে সম্প্রতি তৈরি হওয়া বিতর্কের পর এটি ছিল ট্রাস্টের তৃতীয় গুরুত্বপূর্ণ বৈঠক।

উল্লেখ্য, কয়েক হাজার প্রার্থীর দীর্ঘ বাছাই প্রক্রিয়া এবং কঠোর ইন্টারভিউ পর্বের পর ভারতীয় বিমান বাহিনীর এই অভিজ্ঞ ও দক্ষ সাবেক কর্মকর্তাকে রামমন্দিরের প্রথম স্থায়ী সিইও হিসেবে বেছে নেওয়া হয়েছে। মন্দিরের বিশাল কর্মযজ্ঞে স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখতে এই প্রশাসনিক পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Pratik Saha
  • Pratik Saha