রান্নার গ্যাসের সিলিন্ডারে এবার ওজনে কোপ? ১৪ কেজির বদলে ১০ কেজি এলপিজি দেওয়ার বড় পরিকল্পনা!

বিশ্বজুড়ে যুদ্ধের আবহ এবং হরমুজ প্রণালীর অস্থিরতার জেরে ভারতে এলপিজি (LPG) সরবরাহে বড়সড় টান পড়েছে। দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি এবার এলপিজি সিলিন্ডারের সমবন্টন নিশ্চিত করতে এক অভাবনীয় পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। দ্য ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, গৃহস্থালির জন্য ব্যবহৃত ১৪.২ কেজির সিলিন্ডারে এবার থেকে পুরো গ্যাস ভরা হবে না। পরিবর্তে গ্রাহকদের ১০ কেজি করে এলপিজি রিফিল দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

কেন এই জরুরি সিদ্ধান্ত?
ইরান-আমেরিকা-ইজরায়েল সংঘাতের জেরে পারস্য উপসাগরে ভারতের অনেক এলপিজি জাহাজ আটকে রয়েছে। দেশের মোট চাহিদার ৬০ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। গত সপ্তাহে কিছু ভেসেল দেশে পৌঁছালেও নতুন কোনও কার্গো আসার নিশ্চয়তা নেই। ভারতে দৈনিক ৯৩,৫০০ টন এলপিজি খরচ হয়। এই বিপুল চাহিদা সামাল দিতেই মজুত স্টক সবার মধ্যে ভাগ করে দেওয়ার এই বিকল্প পথ ভাবা হচ্ছে।

গ্রাহকদের পকেটে কী প্রভাব পড়বে?
সাধারণত ১৪.২ কেজির সিলিন্ডার ৩৫ থেকে ৪০ দিন চলে। ১০ কেজি করে গ্যাস দেওয়া হলে তা বড়জোর এক মাস চলবে। তবে স্বস্তির খবর হলো, গ্যাসের পরিমাণ কমানো হলে সেই আনুপাতিক হারে সিলিন্ডারের দামও কমানো হবে। অর্থাৎ, গ্রাহককে কম গ্যাসের জন্য কম টাকাই গুনতে হবে। মূলত সরবরাহ ব্যবস্থা যাতে সম্পূর্ণ ভেঙে না পড়ে, তার জন্যই এই ‘রেশনিং’ ব্যবস্থার কথা ভাবছে সংস্থাগুলি।