“রাত সাড়ে তিনটে ঘিরে ফের চর্চা তুঙ্গে”-সৃজলার ‘আই লাভ ইউ’ কাকে উদ্দেশ্য করে, তা নিয়েই ধোঁয়াশা

‘বিগ বস’ বাংলার ঘরে এখন হট টপিক জিতু কমল ও সৃজলা গুহর সম্পর্কের সমীকরণ। তাঁদের এই বিশেষ বন্ধুত্ব ঘিরে ইতিমধ্যেই বাইরের দুনিয়ায় চর্চা বেশ তুঙ্গে। মঙ্গলবারের পর্বে জিতু-সৃজলার মান-অভিমানের একটি পর্ব সামনে আসে। যেখানে জিতু সৃজলাকে কিছু একটা বলার জন্য জোর করছে আর সৃজলাও স্পিকটি নট। এরপরই জিতু চলে গেলে, বিগ বস-এর ক্যামেরার ক্লোজ শটে দেখা যায় সৃজলা খুব আস্তে কাউকে ‘আই লাভ ইউ’ বলছেন। যদিও এটা কাকে বললেন, তা স্পষ্ট নয়। আর এই ঘটনার পরেই মাঝরাতে জিতু-সৃজলার কথোপকথন নিয়ে ফের জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়।

বিগ বস-এর ঘরে তখন রাত সাড়ে তিনটে। ঘুম নেই জিতু ও সৃজলার চোখে। সৃজলাকে জিতু সরাসরি প্রশ্ন করেন, তিনি কি সত্যিই বর্তমান সঙ্গীর সঙ্গে সারাজীবন থাকতে পারবেন? জবাবে সৃজলা জানান, সেটাই তাঁর কাছে সবচেয়ে বাস্তব সিদ্ধান্ত বলে মনে হয়। সৃজলার যুক্তি, জীবনে শুধু নিজের কথা ভাবার সুযোগ তাঁর নেই। কাঁধে অনেক দায়িত্ব। সঙ্গে পুরনো দিনের টানাপোড়েন তো আছেই। তাই বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভেবেই তাঁকে পা ফেলতে হবে। যদিও জিতু সৃজলার এই যুক্তি মানতে চান না। তাঁর মতে, সৃজলা খুবই স্বাধীনচেতা মানুষ। তাই অন্য কারও সঙ্গে মানিয়ে নিয়ে বেশিদিন সংসার করা তাঁর পক্ষে সহজ হবে না।

জিতুর আশঙ্কা, দু’বছর প্রাণপণ চেষ্টা করার পরও হয়তো সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন সৃজলা। এখানেই থামেননি অভিনেতা। সৃজলা চোট পাওয়ার পর তাঁর বর্তমান সঙ্গীর একটি ভিডিও দেখেছিলেন জিতু। অভিনেতার দাবি, সেই ভিডিওতে ওই ব্যক্তির চোখে কোনও আবেগ ছিল না। জিতু অকপটে জানান, সৃজলাকে ছেড়ে থাকা তাঁর পক্ষে অসম্ভব। ভুল মানুষকে বিয়ে করলে রোজ অশান্তি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

এরপর জিতু বলেন যে সৃজলাকে সামলাতে গেলে পরিণত মানুষের দরকার। সম্পর্কের খাতিরে জিতু নিজেও নিজের স্বভাব বদলে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে একতরফা চেষ্টায় যে সম্পর্ক এগোয় না, তা স্পষ্ট করে দেন। কথার শেষে ফাইনালের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দেন জিতু। ক্রিকেটের ভাষায় বলেন, “আমি একা ব্যাট করলে তো হবে না, তোমাকেও বল করতে হবে, খেলতে হবে। দেখা যাক।” হাতে আর মাত্র ১২ দিন সময়।

উল্লেখ্য, জিতু-সৃজলার এই ঘনিষ্ঠতা ‘বিগ বস’ বাংলার ঘরের বাইরেও বেশ চর্চার বিষয় হয়ে উঠেছে। সৃজলার ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও একাধিকবার প্রশ্ন উঠেছে। আর এবার জিতুর সরাসরি প্রশ্ন ও সৃজলার স্পষ্ট জবাবে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে দর্শকমহলে।