নখের আঁচড়ে সাদা দাগ? শীতের শুরুতেই কোন তেল মাখলে ত্বক থাকবে নরম ও মোলায়েম?

শীত এখনও জাঁকিয়ে পড়েনি, কিন্তু ত্বক জানান দিচ্ছে ঠান্ডা আসছে। হাতে-পায়ে সামান্য নখের আঁচড় লাগলেই সাদা দাগ পড়ে যাচ্ছে। এই সময়ে শীতের ত্বকের যত্নে বাজারে নানা ক্রিম মিললেও, আজও তেলের কোনো জুড়ি নেই। তবে আসল প্রশ্ন হলো, তেল ঠিক কখন মাখবেন—স্নানের আগে, নাকি পরে?শুধু গায়ে তেল ঢেলে নিলেই কিন্তু কাজ হবে না। তেল মাখার পর ভালো করে মালিশ করতে হবে, না হলে স্নানের সময় সব তেল জলের সঙ্গে ধুয়ে বেরিয়ে যাবে।আপনার ত্বক যদি খুব শুষ্ক হয়, তবে অবশ্যই স্নানের পরে তেল মাখুন। এর পেছনে সহজ বিজ্ঞান রয়েছে। স্নানের পর আমাদের ত্বক যে জল শুষে নেয়, তেল মাখলে সেই জল আর বাইরে বেরোতে পারে না। বিজ্ঞানের ভাষায় একে বলে ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস কমানো, যার ফলে ত্বক সারাদিন নরম ও মোলায়েম থাকে।আবার উল্টো নিয়মও আছে। গায়ে যদি দাদ বা হাজা থাকে, তবে স্নানের আগে শুকনো গায়ে তেল মাখতে হবে। কারণ, তেল মেখে স্নান করলে চামড়া জল শুষে নরম হতে পারে না। ফলে ওই জায়গায় ফাঙ্গাস বা ছত্রাক আর বাড়তে পারে না।সব তেলের কাজ এক মনে হলেও, তাদের গুণে তফাত আছে। নারকেল তেল শুধু চুল নয়, ত্বকের জন্যেও দারুণ উপকারী। এতে থাকা জীবাণুনাশক গুণ ত্বককে ভালো রাখে এবং শুষ্ক ত্বককে নরম রাখতে সাহায্য করে।

আমন্ড অয়েলে ভরপুর ভিটামিন ই রয়েছে। ত্বকে মাখার পাশাপাশি এটি খেলে ত্বকের জেল্লা বাড়ে, আর মাথায় মাখলে রক্ত চলাচল ভালো হয়ে চুল থাকে ঝলমলে। রুক্ষ ত্বক নরম করতে ও নানা সংক্রমণ রুখতে তিলের তেল বেশ কাজের। এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, তাই এটি খেলে ত্বক কোমল থাকে।অলিভ অয়েল শীতে অনেকেই মাখেন। তবে আমাদের দেশে ভালো অলিভ অয়েল সহজে পাওয়া যায় না এবং অন্য তেলের তুলনায় এর দামও বেশ চড়া।ত্বকের যত্নে তেলের উপকারিতা কিন্তু একদিনে চোখে পড়বে না। রোজ নিয়ম করে মালিশ করলে তবেই ফল পাবেন। পাশাপাশি নিজের ত্বকের ধরন বুঝে সঠিক তেল বাছাটাও খুব জরুরি।