আত্মসমর্পণ না করেই জামিনের আবেদন! নন্দীগ্রামের কংগ্রেস নেতা মিলন প্রধানকে নিয়ে বড় নির্দেশ বিচারপতির

জানা গিয়েছে, কংগ্রেস নেতা মিলন প্রধান আত্মসমর্পণ না করেই জামিনের আবেদন করায় অসন্তুষ্ট হয়েছে আদালত। আগামী ২৭ নভেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পরবর্তী সময়ে মিলন প্রধান রেগুলার বেঞ্চে জামিনের আবেদন করতে পারবেন।উল্লেখ্য, নন্দীগ্রামে উপ-নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়েছিলেন মিলন প্রধান। নির্বাচনের ঠিক আগে তাঁর গ্রেফতারিকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। সে সময় কংগ্রেসের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ২০০৭ সালের নন্দীগ্রাম জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন মিলন প্রধান। তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, দাঙ্গা ও বেআইনি জমায়েতের অভিযোগ রয়েছে। ২০২১ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলাগুলি ফের সচল হয়।

গ্রেফতারির পর বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। গত ৭ অক্টোবর রাজ্যের করা মামলাটি কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠায় শীর্ষ আদালত এবং হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি। গত ২০ অক্টোবর কলকাতা হাইকোর্ট মিলন প্রধানের জামিনের মেয়াদ ২৫ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছিল। জামিন বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে এবার হাইকোর্ট আগামী ২৭ নভেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিল।