যুদ্ধ নাকি সন্ত্রাসবিরোধী অভিযান? আফগানিস্তানে ফের বিমান হামলা পাকিস্তানের, পুড়ে ছাই তালিবান পোস্ট

বুধবার দুপুরে আফগানিস্তানের স্পিন বোল্ডাক শহরে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় দুই দেশের সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলার লক্ষ্য ছিল চমন সীমান্ত পাসের আশেপাশের কয়েকটি আফগান-তালিবান পোস্ট। এই হামলায় ড্রোন এবং যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে বলে খবর।
নিহত ৪ পাকিস্তানি সেনা, আহত ১০:
স্থানীয়দের দাবি অনুযায়ী, এই বিমান হামলায় কমপক্ষে চারজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং আরও চারজন আহত। এছাড়া, সীমান্ত এলাকার প্রায় ১০ জন সাধারণ মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হামলার ভিডিওতে দেখা গিয়েছে, লক্ষ্যবস্তু থেকে গলগল করে কালো ধোঁয়া বের হচ্ছে।
১১ অক্টোবর থেকে সংঘর্ষের সূত্রপাত:
এই বিমান হামলার আগেও দুই দেশের মধ্যে সীমান্ত এলাকায় সংঘর্ষ চলছে। গত ১১ অক্টোবর রাতে আফগান বাহিনী পাকিস্তানের একাধিক সেনা পোস্টে হামলা চালায়। আফগান কর্মকর্তাদের দাবি, সীমান্ত লঙ্ঘনের জবাবে তারা ৫৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। অন্যদিকে, পাকিস্তান পাল্টা আক্রমণে ২৩ জন সেনাকে হারিয়েছে এবং ২০০-এর বেশি “তালিবান ও সংশ্লিষ্ট সন্ত্রাসী” খতম করেছে বলে দাবি করেছে।
চমন সীমান্ত পাস বন্ধ:
আফগান সীমান্ত পুলিশ মুখপাত্র আবদুল্লাহ উকাব জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কারণে সব সীমান্ত পাস বন্ধ রাখা হয়েছে। তবে রবিবার থেকে আটকে থাকা প্রায় ১,৫০০ আফগান নাগরিককে বাড়ি ফিরতে দেওয়ার জন্য চমন সীমান্ত পাস সাময়িকভাবে খোলা হয়েছিল।
মূল বিবাদের কারণ:
দুই দেশের সীমান্তে আগেও সংঘর্ষ হয়েছে, তবে এবারের হামলা সবচেয়ে প্রাণঘাতী। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করছে যে, আফগানিস্তান সরকার তাদের নিষিদ্ধ তালিবান গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-এর সদস্যদের আশ্রয় দিচ্ছে। পাকিস্তান দাবি করে, তারা আফগানিস্তানে হামলা চালিয়ে এই “সন্ত্রাসী হাইডআউট” লক্ষ্যবস্তু বানাচ্ছে। তবে আফগান সরকার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে চলেছে।