মোদীর কানে ওটা কী? দুল না কি অন্য কিছু? ওমান সফরে প্রধানমন্ত্রীর ‘রহস্যময়’ বেশভূষার পর্দাফাঁস

শ্বেতশুভ্র কেশ, ধোপদুরস্ত কুর্তা আর জ্যাকেট— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই চেনা রূপের মাঝেই হঠাৎ এক অদ্ভুত দৃশ্য নজর কাড়ল সকলের। ওমান সফরে বিমানবন্দর থেকে বেরোনোর সময় দেখা গেল প্রধানমন্ত্রীর কানে ঝুলছে ছোট একটি দুলের মতো বস্তু। বৈদিক সংস্কৃতি ও সাবেকিয়ানা মেনে চলা মোদীর কানে ‘ইয়াররিং’ দেখে মুহূর্তের মধ্যে নেটপাড়ায় শোরগোল পড়ে যায়। অনেকে প্রশ্ন তোলেন, ৭৫ বছর বয়সে এটা কি তবে মোদীর নবকলেবর?
দুল নয়, এটি আসলে ‘কূটনৈতিক অস্ত্র’ খুব কাছ থেকে ছবিটি লক্ষ্য করলে বোঝা যায়, এটি কোনও অলঙ্কার বা দুল নয়। এটি আসলে একটি অত্যন্ত উন্নত রিয়্যাল-টাইম অনুবাদক যন্ত্র (Real-time Translator Device)। কেন এটি ব্যবহার করলেন প্রধানমন্ত্রী?
ভাষার বাধা দূর করা: ওমানের রাষ্ট্রভাষা হল আরবি। ওমানের উপপ্রধানমন্ত্রী সঈদ শিহাব বিন তারিক আল সইদের সঙ্গে সরাসরি এবং স্বতঃস্ফূর্তভাবে কথা বলার জন্যই মোদী এই যন্ত্রটি ব্যবহার করেন।
তৎক্ষণাৎ অনুবাদ: এই হেডসেটটি কানে লাগানো থাকলে সামনের ব্যক্তি অন্য ভাষায় কথা বললেও ব্যবহারকারী নিজের পরিচিত ভাষায় (মোদীর ক্ষেত্রে হিন্দি বা ইংরেজি) তার অনুবাদ শুনতে পান। উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে দোভাষীর সাহায্য ছাড়াই দ্রুত বার্তা বিনিময়ে এই যন্ত্র সহায়ক।
কেন গুরুত্বপূর্ণ এই ওমান সফর?
এই অত্যাধুনিক যন্ত্র কানে পরে মোদী ওমানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করেছেন।
মুক্ত বাণিজ্য চুক্তি: এই সফরে ভারত ও ওমানের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শুল্ক ছাড়: এর ফলে ভারতীয় রফতানি পণ্যে ওমানে প্রায় ৯৮ শতাংশ শুল্ক লাগবে না।
আমদানিতে সুবিধা: বিনিময়ে ওমান থেকে আসা খেজুর ও মার্বেল পাথরের ওপর শুল্ক কমাবে ভারত।