“মোদীজিকে নমস্কার..”-নেপালের ‘দায়িত্ব’ নেওয়ার আগেই মোদির প্রশংসায় পঞ্চমুখ সুশীলা

নেপালে রক্তক্ষয়ী হিংসা ও কেপি শর্মা ওলি সরকারের পতনের পর নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। তরুণ বিক্ষোভকারী ‘জেন জি’ (Gen Z) গোষ্ঠীর প্রস্তাব মেনে, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত বাংলাদেশের আদলে নেপালে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হতে চলেছে। এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পেতে চলেছেন নেপালের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

দায়িত্ব নেওয়ার আগেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন।

একটি সাক্ষাৎকারে সুশীলা কার্কি জানান, “মোদীজিকে নমস্কার। আমার উপর মোদীজির প্রভাব খুবই ইতিবাচক।” তিনি আরও বলেন, “আমি ভারতকে ভীষণ সম্মান করি, ভালোবাসি ভারতকে। মোদীজির কাজে আমি অনুপ্রাণিত।” তিনি নেপালের বর্তমান পরিস্থিতিতে ভারতের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “ভারত বরাবর নেপালে অনেক সাহায্য করেছে।”

কার্কি জানিয়েছেন, তিনি নেপালের এই গুরুদায়িত্ব নিতে প্রস্তুত। তিনি বলেন, “জেন জি গোষ্ঠী আমার উপর ভরসা রেখেছে। কম দিনের জন্য হলেও একটি স্থায়ী সরকার গঠনে এটি গুরুদায়িত্ব।” তার প্রাথমিক কর্তব্য হবে, বিক্ষোভে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি সম্মান জানানো এবং মৃতদের পরিবারগুলোর জন্য কিছু করা।

আজ, বৃহস্পতিবার, নেপালের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করার পর সুশীলা কার্কি দেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, যিনি বর্তমানে জনরোষ থেকে বাঁচতে সেনা ব্যারাকে অবস্থান করছেন।

উল্লেখ্য, সুশীলা কার্কি নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন। ২০১৬ সালে তিনি এই পদে দায়িত্ব নিয়েছিলেন।