মুম্বাইয়ে কঠোর নিষেধাজ্ঞা! রাস্তায় আতশবাজি ও লেজার লাইট ফোটালে সোজা জেল-জরিমানা

মুম্বাই পুলিশের পক্ষ থেকে শহরের সরকারি রাস্তা, অলিগলি এবং প্রধান সড়কগুলিতে সব ধরনের বাজি, রকেট এবং আতশবাজি ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বম্বে হাইকোর্টের গত ২২শে সেপ্টেম্বরের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ৬ই অক্টোবর মধ্যরাত থেকে ২০২৬ সালের ৪ঠা ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পাশাপাশি, জনবহুল স্থানে উচ্চ-তীব্রতার লেজার লাইট, লুমেন লাইট এবং সার্চলাইটের রশ্মি ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, যারা এই নির্দেশ অমান্য করবেন, তাদের বিরুদ্ধে পরিবেশ সুরক্ষা আইন, বিস্ফোরক আইন, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আদালত মূলত বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে রাখতে এবং রাস্তার আতশবাজি ও তীব্র আলোর ঝলকানির কারণে সাধারণ মানুষের যাতায়াতে সম্ভাব্য বিপদ এড়াতে এই নির্দেশ জারি করেছিল। বৃহুম্বাই পুলিশ কমিশনারেটের আওতাধীন সমস্ত এলাকায় এই নিয়ম কঠোরভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।