মুখে দিলেই মিলিয়ে যাবে! সামান্য কায়দা করলেই বাড়িতে বানিয়ে ফেলুন জিভে জল আনা ছটপুজো স্পেশাল ঠেকুয়া

ছটপুজো মানেই ভক্তি-আরাধনার পবিত্র পরিবেশ আর পুজোর প্রসাদ হিসেবে জিভে জল আনা সুস্বাদু ঠেকুয়ার সুবাস। এই বিশেষ উৎসবে বাইরে থেকে মিষ্টি বা ঠেকুয়া না কিনে, খুব সহজেই ঘরের সাধারণ উপকরণ দিয়ে দোকানের থেকেও খাস্তা এবং সুস্বাদু ঠেকুয়া বানিয়ে নিতে পারেন। এর জন্য শুধু উপকরণের সঠিক মাপ এবং বানানোর ছোটখাটো কিছু কৌশল জানা জরুরি।

উপকরণ:

১ কেজি ময়দা (বা ৫০০ গ্রাম ময়দা ও ৫০০ গ্রাম আটা মিশিয়ে নিলে আরও ভালো খাস্তা হয়)

৫০০ গ্রাম সাদা তেল (ময়ানের জন্য ১৫০ গ্রাম ও বাকিটা ভাজার জন্য)

১/২ টা নারকেল কুড়ানো

১০০ গ্রাম বাদাম গুঁড়ো (ঐচ্ছিক)

১ কাপ হালকা ভেজে নেওয়া সুজি

১ টেবিল চামচ এলাচ ও গোলমরিচ গুঁড়ো

৪০০ গ্রাম আখের গুড় (চিনির পরিবর্তে গুড় ব্যবহার করলে স্বাদ ও সুবাস দারুণ হয়)

পরিমাণমতো ঈষদুষ্ণ জল

বানানোর পদ্ধতি:
প্রথম ধাপ – ময়ান তৈরি: প্রথমে একটি বড় পাত্রে ময়দা, ভেজে রাখা সুজি, কোঁড়ানো নারকেল, বাদাম গুঁড়ো, এলাচ ও গোলমরিচ গুঁড়ো এবং গুঁড়ো করা গুড় একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার ১৫০ গ্রাম সাদা তেল হালকা গরম করে ওই মিশ্রণে ঢেলে হাত দিয়ে খুব ভালো করে ময়ান দিতে হবে। ময়ান ঠিকমতো হয়েছে কি না তা বুঝতে হাতের মুঠোয় মিশ্রণটি চেপে ধরুন; যদি মুঠো পাকা আকার নেয়, তবে বুঝবেন ময়ান একদম নিখুঁত হয়েছে।

দ্বিতীয় ধাপ – ডো তৈরি: এবার অল্প অল্প করে ঈষদুষ্ণ জল মিশিয়ে একটি শক্ত ডো বা খামির তৈরি করুন। মনে রাখবেন, সাধারণ রুটির মতো নরম ডো তৈরি করলে চলবে না, বরং একটু শক্ত করে মাখতে হবে, তবেই ঠেকুয়াগুলো দারুণ খাস্তা হবে। ডো তৈরি হয়ে গেলে সেটি একটি ভেজা কাপড় বা ঢাকা দিয়ে ২০ মিনিট রেখে দিন।

তৃতীয় ধাপ – আকার দেওয়া: ডো থেকে ছোট ছোট লেচি কেটে হাতের তালুতে চেপে পছন্দমতো আকার দিন। আপনি চাইলে কাঁটা চামচ বা সাঁচ ব্যবহার করে এর গায়ে সুন্দর নকশাও করে নিতে পারেন, এতে ঠেকুয়া ভেতর পর্যন্ত সমানভাবে ভাজা হয়।

চতুর্থ ধাপ – ভাজা: কড়াইতে বাকি তেল গরম বসান। তেল মাঝারি গরম হলে আঁচ একদম কমিয়ে একে একে ঠেকুয়াগুলো তেলের মধ্যে ছাড়ুন। খুব বেশি আঁচে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে অথচ ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই সময় নিয়ে কম আঁচে উল্টেপাল্টে সোনালি-বাদামি করে ভেজে তেল থেকে তুলে নিন।

ঠান্ডা হওয়ার পর একটি এয়ারটাইট কৌটোয় বন্দ করে রাখলে এই খাস্তা ঠেকুয়া ১০ থেকে ১২ দিন পর্যন্ত একেবারে মুচমুচে ও সুস্বাদু থাকে। ছটপুজোয় ঈশ্বরের প্রসাদ হোক বা সন্ধ্যার চায়ের আড্ডা—এই সুস্বাদু ঠেকুয়া সকলের মন জয় করে নেবে।